শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্ব নিয়ে যা বললেন রুমিন ফারহানা | চ্যানেল আই অনলাইন

শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্ব নিয়ে যা বললেন রুমিন ফারহানা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিএনপির সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, শেখ হাসিনা যে টেলিফোনে বলেছিলেন- ‘চট করে ঢুকে যাব, আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।’ শি ওয়াজ নট রং । তিনি ভুল বলেননি। সংবিধান অনুযায়ী এখনও তিনি প্রধানমন্ত্রী।’

মঙ্গলবার ৮ অক্টোবর সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারি রুমে অনুষ্ঠিত ‘সংবিধান: ক্ষমতার না জনতার’ শীর্ষক এক আলোচনায় আলোচকের বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

GOVT

বর্তমান সংবিধানের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার বিষয়ে রুমিন ফারহানা বলেন, বর্তমানে দেশে কি কোন সংবিধান আছে নাকি নেই? যদি সংবিধান না থাকে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধানের অধীনে শপথ নিল কী করে? যদি সংবিধান থেকে থাকে তাহলে একটা ভয়ংকর খবর আমাদের জন্য অপেক্ষা করছে। শেখ হাসিনা কিন্তু এখনও প্রধানমন্ত্রী। সংবিধানের ৫৭ (ই) অনুযায়ী পরবর্তী প্রধানমন্ত্রী দায়িত্বভার নেওয়ার আগ পর্যন্ত পূর্ববর্তী প্রধানমন্ত্রী তার পদে বহাল থাকবেন।

এছাড়া ধর্ম রাষ্ট্রকে অপব্যবহার করে, রাষ্ট্রের ক্ষমতাকে অপব্যবহার করে, রাষ্ট্র তার নিজের প্রয়োজনে, সব অপকর্মের সাফাই হিসেবে ধর্মকে সামনে আনে বলে মন্তব্য করেন রুমিন ফারহানা।

তিনি বলেন, আপনারা নতুন প্রজন্ম আপনাদের কাছে হাতজোড় করে অনুরোধ ধর্মকে ধর্মের জায়গায় রাখবেন রাষ্ট্রকে রাষ্ট্রের জায়গায় রাখবেন। কোনোদিনই রাষ্ট্রের সঙ্গে ধর্মকে, রাজনীতির সঙ্গে ধর্মকে আল্লাহর ওয়াস্তে মিলাইয়েন না।

সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, এ সংবিধান আগামী প্রজন্ম রাখবে কিনা সেটা নিয়ে আলাদা আলোচনা হওয়া দরকার। এই সংবিধান কি আবারও সংশোধিত হবে নাকি, আবার নতুন করে একটা সংবিধান আমরা লিখব সেটা নিয়ে গণভোট হতে পারে।

বিগত সময়ে সংবিধানের সংশোধনীগুলোর সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের জন্মের পর থেকে ২০২৩ পর্যন্ত যতগুলো সংশোধনী হয়েছে প্রত্যেকটা সংশোধনী যখন যে সরকার যখন ক্ষমতায় ছিল, সে সরকার ক্ষমতাকে নিষ্কণ্টক করতে এই সংশোধনী করেছে। রাষ্ট্রের পুরো কাঠামোকে ভেঙে দিয়েছে চতুর্থ সংশোধনী।

Scroll to Top