
ঢাকা, ১৬ এপ্রিল – সমাজসেবা ও জনসেবা ক্ষেত্রে অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার ২০২৬ এ ভূষিত হয়েছেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রয়াত শিক্ষিকা মাহেরীন চৌধুরী।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানের হাতে এই পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মাহেরীন চৌধুরীর পক্ষে পদক গ্রহণ করেন তার স্বামী মনসুর হেলাল।
উল্লেখ্য যে গত ২০২৫ সালের জুলাই মাসে উত্তরাস্থ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালীন একটি প্রশিক্ষণ বিমান স্কুল ভবনে আছড়ে পড়লে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। সেই বিভীষিকাময় পরিস্থিতিতে নিজের জীবনের পরোয়া না করে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে গিয়ে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন মাহেরীন চৌধুরী। ওই দিন রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নীলফামারীর জলঢাকা উপজেলার কৃতি সন্তান মাহেরীন চৌধুরীর এই অসামান্য ত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতেই তাকে এই রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়েছে।
এনএন/ ১৬ এপ্রিল ২০২৬






