লিবিয়ার স্বাস্থ্যখাতে বাংলাদেশ থেকে জনবল নিয়োগের আগ্রহ – DesheBideshe

লিবিয়ার স্বাস্থ্যখাতে বাংলাদেশ থেকে জনবল নিয়োগের আগ্রহ – DesheBideshe


লিবিয়ার স্বাস্থ্যখাতে বাংলাদেশ থেকে জনবল নিয়োগের আগ্রহ – DesheBideshe

ঢাকা, ১৯ এপ্রিল – লিবিয়ার স্বাস্থ্য খাতের উন্নয়ন ও জনবল সংকট মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দেশটির সরকার। এই লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন লিবিয়ার স্বাস্থ্যমন্ত্রী ড. মোহাম্মদ আল-গৌজ।

গত বৃহস্পতিবার লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই আগ্রহ ব্যক্ত করেন।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত হাবীব উল্লাহ লিবিয়ার নতুন স্বাস্থ্যমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বর্তমানে অনেক বাংলাদেশি পেশাজীবী লিবিয়ার বিভিন্ন হাসপাতালে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বেতন-ভাতা সংক্রান্ত জটিলতা সত্ত্বেও তারা যে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন, তা লিবিয়ার জনগণের কাছে তাদের প্রতি আস্থার বহিঃপ্রকাশ।

রাষ্ট্রদূত বর্তমানে কর্মরত বাংলাদেশি কর্মীদের বেতন-ভাতা নিয়মিত করার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি প্রশাসনিক ও আর্থিক জটিলতায় থাকা বাকিদের বকেয়া পাওনা দ্রুত পরিশোধের দাবি জানান। এছাড়া বর্তমান বিনিময় হার অনুযায়ী চুক্তি নবায়ন এবং ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করেন তিনি।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী ড. মোহাম্মদ আল-গৌজ বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বকেয়া বেতন পরিশোধে বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করে জানান যে, ইতোমধ্যে বেশিরভাগ ক্ষেত্রে বেতন নিয়মিত করা হয়েছে। প্রত্যাবর্তনকারী কর্মীদের বকেয়া পাওনা পরিশোধের জন্য একটি বিশেষ কমিটি কাজ করছে বলেও তিনি আশ্বস্ত করেন।

উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ জোরদার ও দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে একমত পোষণ করেন।

এনএন/ ১৯ এপ্রিল ২০২৬



Scroll to Top