লিটনের প্রতি কৃতজ্ঞতা শামীমের | চ্যানেল আই অনলাইন

লিটনের প্রতি কৃতজ্ঞতা শামীমের | চ্যানেল আই অনলাইন

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম টি-টুয়েন্টিতে চোখধাঁধানো ব্যাটিং করেছেন শামীম হোসেন পাটোয়ারী। তার ঝড়ো ক্যামিও ৬ উইকেটের জয়ে রেখেছে অনবদ্য অবদান। অথচ আয়ারল্যান্ড সিরিজেও বাদ পড়েছিলেন। ছন্দে ফিরে কৃতিত্বটা অধিনায়ক লিটন দাসকে দিচ্ছেন শামীম।

গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি টি-টুয়েন্টির স্কোয়াডে ছিলেন না শামীম। তখনকার নির্বাচক প্যানেলের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি লিটন। ক্ষোভ প্রকাশ করেছিলেন সংবাদ সম্মেলনে। এবার দলে ফিরে শামীম অধিনায়কের আস্থার প্রতিদান দিচ্ছেন।

আস্থা রাখায় শামীম কৃতজ্ঞতাও জানিয়েছেন লিটনকে। প্রশংসা করেছেন বেশ। বলেছেন, ‘প্রথমে লিটন ভাইকে অনেক ধন্যবাদ। একজন অধিনায়ক হিসেবে যেটা দরকার ছিল উনি সেটা করেছেন, আমাকে ফিরিয়েছেন। ভালো খেলতে পেরেছি। অধিনায়কেরও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। আমাকে লিটন ভাই সবসময় চাপমুক্ত খেলার জন্য বলেন।’

টি-টুয়েন্টি দল বেশ ভালো ছন্দে আছে। এর পেছনে লিটনের কৃতিত্ব দেখছেন শামীম। বললেন, ‘গত অনেকগুলো টি-টুয়েন্টি সিরিজ আমরা জিতেছি। টিমের ভালো বোঝাপড়া হয়েছে। অপ্রত্যাশিতভাবে বিশ্বকাপ মিস করে ফেলেছি। এটা কিছু করার নাই। তাও আমরা অনেক ভালো প্রস্তুতি নিয়েছিলাম। অধিনায়কত্ব অবশ্যই ম্যাটার করে।’

Scroll to Top