লাউডস্পিকারে আজান সম্প্রচারে নিষেধাজ্ঞা ডেনমার্কের | চ্যানেল আই অনলাইন

লাউডস্পিকারে আজান সম্প্রচারে নিষেধাজ্ঞা ডেনমার্কের | চ্যানেল আই অনলাইন

ডেনমার্ক সরকার দেশজুড়ে লাউডস্পিকারের মাধ্যমে ইসলামের আজান সম্প্রচার নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে। সরকারের দাবি, অভিবাসন, সামাজিক সংহতি এবং জনপরিসরে ধর্মীয় কর্মকাণ্ড নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে এ পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে।

সংবাদমাধ্যম নিউজ ১৮ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দেশটির অভিবাসন ও একীভূতকরণমন্ত্রী মর্টেন বোডস্কভ বলেছেন, মসজিদ থেকে লাউডস্পিকারের মাধ্যমে আজান সম্প্রচার সীমিত করার আইনি কাঠামো পর্যালোচনার কাজ আবারও শুরু করবে সরকার। তার ভাষ্য, ডেনমার্কের আকাশে বা জনপরিসরে আজানের ধ্বনি শোনা উচিত নয় এবং এটি দেশটির সামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সরকারের প্রস্তাবে স্থানীয় শব্দদূষণ-সংক্রান্ত বিধিনিষেধের পরিবর্তে সারা দেশে অভিন্ন নিয়ম চালুর কথা বলা হয়েছে। এ লক্ষ্যে ডেনিশ পার্লামেন্টে জমা দেওয়া একটি সিদ্ধান্ত প্রস্তাবে জনপরিসরে লাউডস্পিকারের মাধ্যমে নামাজ বা আজানের আহ্বান সম্প্রচার নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে।

ডেনমার্কে অভিবাসন, ধর্মীয় স্বাধীনতা এবং সমাজে একীভূতকরণ নিয়ে চলমান বিতর্কের মধ্যেই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। প্রস্তাবের সমর্থকদের মতে, জনপরিসরে ধর্মীয় সম্প্রচার সীমিত রাখা উচিত। তবে সমালোচকদের আশঙ্কা, এমন নিষেধাজ্ঞা ধর্মীয় স্বাধীনতা ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সমান অধিকারের প্রশ্নে বিতর্ক তৈরি করতে পারে।

Scroll to Top