রাশিয়ার আমুর অঞ্চলের একটি গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশিদের খোঁজখবর নিতে ২৪ ঘণ্টার হটলাইন চালু করেছে মস্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার ২৭ আগস্ট রাতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মো. মিজানুর রহমান জানান, আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে প্রায় ১ হাজার ৬০০ বাংলাদেশি কর্মী কাজ করছেন। দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের উদ্যোগে চালু করা হটলাইনে যেকোনো সময় যোগাযোগ করে দুর্ঘটনায় হতাহত বা নিখোঁজ বাংলাদেশিদের বিষয়ে তথ্য জানা যাবে।
সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, মস্কোয় বাংলাদেশ দূতাবাসের কাউন্সেল ও দূতালয় প্রধানের নম্বর +৭৯১৬২৩২৩১৫ এবং শ্রম কল্যাণ উইংয়ের প্রথম সচিবের নম্বর +৭৯৮৯১১৩৯১৬৯। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের পর উদ্ধার হওয়া অন্য বাংলাদেশি কর্মীরা বর্তমানে নিরাপদে রয়েছেন। তবে নিখোঁজ কর্মীর সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে।
বিস্ফোরণে একজন বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন, যাদের মধ্যে ছয়জন আইসিইউতে চিকিৎসাধীন। এছাড়া অন্তত একজন বাংলাদেশি কর্মী এখনও নিখোঁজ রয়েছেন।