রামুতে ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার: অনলাইন প্রতারণার অভিযোগ – DesheBideshe



গ্রেফতার ৬ চীনা নাগরিক

কক্সবাজার, ৪ সেপ্টেম্বর – কক্সবাজারের রামুতে প্রায় দুই হাজার আইফোন ও বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জামসহ আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের ছয় চীনা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় রামু থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশে গ্রেফতার ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর রামুর মেরিন ড্রাইভ সংলগ্ন কয়েকটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১ হাজার ৯৩৮টি আইফোন, ৪০টি ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটারসহ বিভিন্ন আধুনিক ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান জানান, আটক ব্যক্তিরা শুরুতে বিভিন্ন প্রকল্পে কাজ করার কথা জানালেও তদন্তে তাদের ভিন্ন পরিচয় পাওয়া যায়। সরকারের বিশেষায়িত তদন্ত দল বিষয়টি খতিয়ে দেখার পর আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের সাথে তাদের সংশ্লিষ্টতা খুঁজে পায়।

পুলিশ আরও জানায়, এই চক্রটি স্টারলিংক প্রযুক্তি ব্যবহার করে অনলাইন শেয়ারবাজার, জুয়া এবং বিভিন্ন বৈদেশিক মুদ্রাসংক্রান্ত প্রতারণার সাথে জড়িত ছিল। তাদের পাসপোর্ট পূর্বেই ব্লক করে দেওয়া হয়েছিল এবং ইমিগ্রেশনসহ সকল পয়েন্টে সতর্কতা জারির ফলে তারা দেশ ছাড়তে পারেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রামুর মেরিন ড্রাইভ এলাকার ব্লু ওশ্যানসহ কয়েকটি হোটেলে আরও বেশ কিছু বিদেশি নাগরিক সন্দেহজনকভাবে অবস্থান করছেন। বর্তমানে জব্দ করা ইলেকট্রনিক ডিভাইসগুলো পরীক্ষার মাধ্যমে চক্রটির কার্যক্রম সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক নিশ্চিত করেছেন যে, মামলাটির তদন্তে সিআইডিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট সমন্বয় করে কাজ করছে।

এনএন/ ৪ সেপ্টেম্বর ২০২৬

Scroll to Top