রদ্রিগেজ-দিয়াজদের নিয়ে ৮ বছর পর বিশ্বকাপে লড়বে কলম্বিয়া | চ্যানেল আই অনলাইন

রদ্রিগেজ-দিয়াজদের নিয়ে ৮ বছর পর বিশ্বকাপে লড়বে কলম্বিয়া | চ্যানেল আই অনলাইন

শৈল্পিক ফুটবলের জন্য খ্যাত লাতিন অঞ্চল। যার মধ্যে আর্জেন্টিনা-ব্রাজিলের পর রয়েছে উরুগুয়ে ও কলম্বিয়া। ফুটবলে বেশ শক্তিশালী কলম্বিয়ানরা বিশ্বকাপে ৮ বছর পর ফিরছে। মহাযজ্ঞের ১৬ দিন আগে অভিজ্ঞ হামেস রদ্রিগেজকে অধিনায়ক করে দল দিয়েছে দেশটি।

বাছাইপর্ব থেকে ছিটকে পড়ায় খেলা হয়নি ২০২২ কাতার বিশ্বকাপে। সোমবার রাতে কোচ নেস্তর লরেঞ্জো ২৬ জনের দল জানান। অসুস্থতার কারণে বিঘ্নিত একটি মৌসুম শেষে অধিনায়ক রদ্রিগেজ জায়গা করে নিয়েছেন। রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের সাবেক মিনেসোটা ইউনাইটেডের হয়ে মেজর লিগ সকারের ১৫ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে প্রথম একাদশে ছিলেন এবং সবে ১৯৪ মিনিট খেলেছেন।

৩৪ বর্ষী মিডফিল্ডারের সাথে কলম্বিয়া দলে জায়গা করে নিয়েছেন বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ মাতানো লুইস দিয়াজ। গত বিশ্বকাপে জায়গা করে নিতে না পারা সাউথ আমেরিকার দেশটি বাছাইপর্বে ব্রাজিলকে টপকে টেবিলের তৃতীয় হয়ে বিশ্বকাপে ফিরছে।

দলে আছেন ক্রিস্টাল প্যালেসের দানিয়েল মুনোজ ও হেফারসন লারমা, আর্সেনালের সাবেক গোলরক্ষক ডেভিড ওসপিনা। কলম্বিয়া ২ ও ৮ জুন কোস্টারিকা এবং জর্ডানের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতির ম্যাচ খেলবে।

‘কে’ গ্রুপে কলম্বিয়ার প্রতিপক্ষ বিশ্বকাপে প্রথমবার খেলতে চলা উজবেকিস্তান, আফ্রিকার কঙ্গো এবং ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ১৮ জুন উজবেকদের বিপক্ষে বিশ্বকাপের যাত্রা শুরু করবে দেশটি। ম্যাচ বাংলাদেশ সময় গড়াবে সকাল ৮টায়।

কলম্বিয়া বিশ্বকাপ দল
কোচ: নেস্তর লরেঞ্জো
গোলরক্ষক: ক্যামিলো ভার্গাস, আলভারো মন্তেরো, ডেভিড ওসপিনা।
ডিফেন্ডার: ডেভিনসন সানচেজ, জন লুকুমি, ইয়েরি মিনা, উইয়ার দিত্তা, দানিয়েল মুনোজ, সান্তিয়াগো আরিয়াস, হুয়ান মোহিকা, ডেভার মাচাদো।
মিডফিল্ডার: রিচার্ড রিওস, হেফারসন লারমা, কেভিন ক্যাস্তানো, হুয়ান ক্যামিলো পরতিয়া, গুস্তাভো পুয়ের্তা, জন আরিয়াস, হোর্হে ক্যারাসকাল, হুয়ান ফার্নান্দো কুইন্তেরো, হামেস রদ্রিগেজ, হামিন্তন ক্যাম্পেজ।
ফরোয়ার্ড: হুয়ান ক্যামিলো হার্নান্দেজ, লুইস দিয়াজ, লুইস সুয়ারেজ, কার্লোস আন্দ্রেস গোমেজ, জন কর্দোবা।

Scroll to Top