যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারি রব ডাইপেরিঙ্কের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারি রব ডাইপেরিঙ্কের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

যুক্তরাজ্যে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ও পরবর্তীতে ফিফা বিশ্বকাপ থেকে বাদ পড়া ডাচ রেফারি রব ডাইপেরিঙ্ক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।

সোমবার ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে তার মৃত্যুর খবরটি জানিয়েছে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও বিস্তারিত এখনও জানা যায়নি।

চলতি বছরের এপ্রিল মাসে লন্ডনে ক্রিস্টাল প্যালেস এবং ফিওরেন্তিনার মধ্যকার উয়েফা কনফারেন্স লিগের একটি ম্যাচ পরিচালনার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন ডাইপেরিঙ্ক। ম্যাচ শেষে দেশে ফেরার ঠিক আগ মুহূর্তে উয়েফার অন্যান্য কর্মকর্তাদের সামনে তাকে আটক করে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।

লন্ডন পুলিশের একজন মুখপাত্র তখন জানান, ৯ এপ্রিল ক্রয়েডনের ওয়েলেসলি রোডের একটি ঠিকানায় এক কিশোরীর ওপর যৌন নিপীড়নের অভিযোগের ভিত্তিতে ডাইপেরিঙ্ককে গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশ দীর্ঘ তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ডিজিটাল ডিভাইস পরীক্ষা করার পর, প্রমাণের ন্যূনতম মান পূরণ না হওয়ায় ডাইপেরিঙ্কের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয়া হয়নি এবং তাকে খালাস দেওয়া হয়।

অভিযোগ থেকে মুক্তি পেলেও ফিফা তাকে ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল রেফারিদের তালিকা থেকে বাদ দেয়। সে সময় ডাচ সংবাদমাধ্যম ‘ডি টেলেগ্রাফ’-কে দেওয়া সাক্ষাৎকারে ডাইপেরিঙ্ক বলেছিলেন, ‘আমাকে সম্পূর্ণ ভুলভাবে অভিযুক্ত করা হয়েছিল। শুরু থেকেই আমি পুলিশকে সব ধরনের সহযোগিতা করেছি। তদন্তের পর আমার বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনি। তবে ফিফা আমাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় আমি স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ।’

ডাইপেরিঙ্কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডাচ ফুটবল ফেডারেশন। বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘রেফারি রব ডাইপেরিঙ্কের মৃত্যুতে আমরা মর্মাহত এবং গভীরভাবে শোকাহত। রবের চলে যাওয়ায় আন্তর্জাতিক রেফারিং জগৎ একজন অত্যন্ত মূল্যবান ও অভিজ্ঞ রেফারিকে হারালো। সর্বোপরি, আমরা একজন চমৎকার ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারালাম। তার পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের গভীর সমবেদনা।’

২০১২ সালে পেশাদার রেফারিং জীবন শুরু করা রব ডাইপেরিঙ্ক ২০১৭ সাল থেকে ডাচ লিগের শীর্ষ স্তর এরেডিভিসি-তে ম্যাচ পরিচালনা করে আসছিলেন। এছাড়া জার্মানিতে হওয়া ২০২৪ ইউরো কাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন। গত শনিবার গো অ্যাহেড ঈগলস এবং অ্যাপোলোন এফসির মধ্যকার একটি প্রীতি ম্যাচটিই ছিল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

Scroll to Top