২০২৬ ফিফা বিশ্বকাপে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার প্রদানের ক্ষেত্রে মুসলিম খেলোয়াড়দের জন্য বিশেষ পরিবর্তন এনেছে ফিফা। ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে কিছু খেলোয়াড়ের পুরস্কার প্রদান অনুষ্ঠানে অ্যালকোহল ব্র্যান্ডের লোগো সরিয়ে রাখা হয়েছে।
বিশ্বকাপের ম্যাচসেরা পুরস্কারের স্পন্সর একটি বিয়ার ব্র্যান্ড। সাধারণত পুরস্কার গ্রহণের সময় খেলোয়াড়দের পেছনের ব্যাকড্রপে ওই প্রতিষ্ঠানের লোগো থাকে। তবে কানাডার ইসমায়েল কনে, কাতারের মাহমুদ আবুনাদা, আইভরি কোস্টের ইয়ান দিওমান্ডে, ইরানের রামিন রেজায়িয়ান, মিসরের এমাম আশুর, জর্ডানের আলি ওলওয়ান, মরক্কোর ইসমায়েল সাইবারি এবং সুইজারল্যান্ডের জোহান মানজাম্বির ক্ষেত্রে সেই লোগো ব্যবহার করা হয়নি।
এর পরিবর্তে ব্যাকড্রপে শুধু ‘সুপিরিয়র প্লেয়ার অব দ্য ম্যাচ’ লেখা এবং ফিফা বিশ্বকাপের প্রতীক রাখা হয়। ট্রফি একই থাকলেও স্পন্সর প্রতিষ্ঠানের লোগো দৃশ্যমান ছিল না।
২০১৮ বিশ্বকাপে মিশরের গোলরক্ষক মোহাম্মদ এল-শেনাওয়ি ধর্মীয় কারণে বিয়ার ব্র্যান্ড স্পন্সরকৃত ম্যাচসেরার পুরস্কার গ্রহণে অনীহা প্রকাশ করেছিলেন। একই কারণে অতীতে প্রিমিয়ার লিগের অনেক মুসলিম ফুটবলারও অ্যালকোহলভিত্তিক পুরস্কার গ্রহণ করেননি।
এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৬টি ম্যাচসেরা পুরস্কার দেয়া হয়েছে। তালিকায় রয়েছেন লিওনেল মেসি, আর্লিং হালান্ড, হ্যারি কেন, মাইকেল ওলিসে ও যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুন, যিনি দুবার এই স্বীকৃতি পেয়েছেন।
ফিফা আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য না করলেও মুসলিম খেলোয়াড়দের জন্য আলাদা উপস্থাপনার এই উদ্যোগকে ধর্মীয় সংবেদনশীলতার প্রতি সম্মান প্রদর্শনের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।


