অনুষ্ঠিত হলো গেল ঈদুল আজহায় মুক্তি পাওয়া সৈকত নাসির পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম এবং জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত ‘মাসুদ রানা’ চলচ্চিত্রের প্রিমিয়ার। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীর স্টার সিনেপ্লেক্সে কাজী আনোয়ার হোসেনের কালজয়ী এই স্পাই চরিত্রকে ঘিরে নির্মিত এই চলচ্চিত্রের জমকালো এক প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
সেখানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ ও সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর, পরিচালক সৈকত নাসির, কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা রাসেল রানাসহ আমন্ত্রিত শিল্পী, পরিচালক ও কলাকুশলীরা। তারা সিনেমাটির দেখে পর্দার ‘মাসুদ রানা’র প্রশংসা করেন এবং এই চলচ্চিত্র নির্মাণের জন্য সাধুবাদ জানান।
কাজী আনোয়ার হোসেনের পরিবারের পক্ষ থেকে মাসুমা মায়মুর বলেন, যুগ যুগ ধরে বাংলা ভাষাভাষী পাঠকদের মনে ‘মাসুদ রানা’ একটি অনুভূতির নাম। এজন্য পাঠকদের কল্পনার এই চরিত্রকে মনের মতো না হলে অনেকে মনক্ষুণ্ণ হন। কিন্তু তাদের প্রতি অনুরোধ করে জানাই, কল্পনার সঙ্গে বাস্তব শতভাগ মেলে না।
যোগ করে বলেন, সেবা প্রকাশনীর পেজে দেখি, অনেকে ‘মাসুদ রানা’র কল্পনার চরিত্রটি এআই দিয়ে বানিয়ে পোস্ট করে থাকেন। এটাও বুঝতে হবে সবার পছন্দ এক রকম হবে না।
মাসুমা মায়মুর বলেন, সাগর ভাই (ফরিদুর রেজা সাগর), আজিজ ভাই (আবদুল আজিজ) তারা ‘মাসুদ রানা’ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। কিন্তু সবার চাওয়াকে তারা পূরণ করতে পারবেন না। তবে কাছাকাছি যাওয়া যায়। আমিও মনে করি, এই চলচ্চিত্রটি নির্মাণ করে তারাও কাছাকাছি গিয়েছেন।
”আমি দর্শকদের বলবো, আপনারা এই কাজটিকে সেভাবেই দেখুন, স্বাগত জানান। শিল্পের জন্য গঠনমূলক সমালোচনা অবশ্যই ভালো। সমালোচনা করতে হলে আগে মাসুদ রানা দেখুন। অনেকেই না দেখে সমালোচনা করেছে যেটা ঠিক না। সবার প্রতি এটাই অনুরোধ রইলো।”
‘মাসুদ রানা’ চলচ্চিত্রের যাত্রা শুরু হয় কয়েক বছর আগে। ২০২১ সালে মুক্তির পরিকল্পনা থাকলেও কোভিড, লকডাউন ছাড়াও বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক জটিলতায় কাজ বারবার পিছিয়ে যায়।
এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা রাসেল রানা মূলত চ্যানেল আইয়ের জনপ্রিয় রিয়েলিটি শো ‘কে হবেন মাসুদ রানা’–এর বিজয়ী হিসেবে এই চরিত্রে অভিনয়ের সুযোগ পান।
দীর্ঘ সময় ধরে শারীরিক ফিটনেস, অ্যাকশন ট্রেনিং এবং চরিত্রের মানসিক প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। সিনেমাটিতে ‘সোহানা’ চরিত্রে অভিনয় করেন পূজা চেরি।
এ ছাড়া ‘অবনিতা’ চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি। নির্মাতা সূত্রে জানা যায়, আগামী ১৯ জুন থেকে ‘মাসুদ রানা’ নতুন করে দেশের প্রায় ৩০টি সিনেমা হলে চলবে।



