‘মার্কিন রণতরীতে হামলা চালিয়েছে ইসলামিক রিপাবলিক জাপান’, কেন বললেন ট্রাম্প

‘মার্কিন রণতরীতে হামলা চালিয়েছে ইসলামিক রিপাবলিক জাপান’, কেন বললেন ট্রাম্প

ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য দেয়ার সময় ভুলবশত ইরান ও জাপানকে গুলিয়ে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে আলোচনার সময় তিনি ইরানকে ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ বলে উল্লেখ করেন। খবর ইন্ডিপেনডেন্টের।

‘মার্কিন রণতরীতে হামলা চালিয়েছে ইসলামিক রিপাবলিক জাপান’, কেন বললেন ট্রাম্প

ট্রাম্প বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব জাপান আমাদের লক্ষ্য করে ১১১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এক ঘণ্টারও বেশি সময় ধরে তারা আমাদের বিমানবাহী রণতরীতে (ইউএসএস আব্রাহাম লিংকন) হামলা চালায়। তবে সেগুলোর প্রতিটিই ভূপাতিত করা হয়েছে।’

ধারণা করা হচ্ছে, ট্রাম্প মূলত ইরানকে বোঝাতে চেয়েছিলেন, কারণ ইরানের সরকারি নাম ইসলামিক রিপাবলিক অব ইরান। তার ইসলামিক রিপাবলিক অব জাপান মন্তব্যটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়ে। আপাত এই ভুলের ভিডিও ক্লিপটি মুহূর্তেই অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে উল্লেখ করে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরও বড় ধরনের হামলা চালাতে পারে। তিনি বলেন, ‘আমরা এখনও সর্বোচ্চ স্তরের হামলা চালাচ্ছি না। সর্বোচ্চ স্তর বলতে বোঝায় সেতু… তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো, যেখানে তারা বিদ্যুৎ উৎপাদন করে। প্রয়োজন হলে আমরা সেগুলো ধ্বংস করে দেব। আমি তা করতে চাই না, তবে প্রয়োজন হলে আমরা অবশ্যই তা করব।’

পারস্য উপসাগরে ইরানের অন্যতম প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘গত রাতে আমরা খারগ দ্বীপে হামলা চালিয়েছি—আমরা এর একটি অংশ ধ্বংস করে দিয়েছি। আমি বলেছিলাম, তেল স্পর্শ করবে না, কারণ আমরা হয়তো খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে নেব। আমরা খারগ দ্বীপের দখল নিতে পারি। এটা ঠেকাতে তাদের কিছুই করার নেই… সাধারণত আমি এমন (আগ্রাসী) মনোভাব দেখাই না, তবে তারা সত্যিই এর যোগ্য।’

Scroll to Top