সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন নির্ধারণ করেছে সরকার। এ বিষয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত একান্ত সচিবদের মূল বেতন জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডের ৮ম ধাপে ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩১ মার্চ ২০২৬ তারিখের এক পত্রের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ এ বিষয়ে মতামত ও নির্দেশনা প্রদান করে। গত ২১ মে অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি শাখা-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাহিদুল করিম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত মূল বেতনের ওপর কোনো ধরনের বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট প্রযোজ্য হবে না। ফলে চাকরির মেয়াদকালে তাদের মূল বেতন অপরিবর্তিত থাকবে।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী প্রাপ্য অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। প্রচলিত নিয়ম অনুযায়ী বাসাভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য অনুমোদিত ভাতা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
অন্যদিকে, এসব পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা কোনো ধরনের পেনশন, আনুতোষিক (গ্র্যাচুইটি) বা ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড) সুবিধা পাবেন না বলেও প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে। অর্থ বিভাগের ভাষ্য অনুযায়ী, তারা সরকারি চাকরির স্থায়ী কর্মচারী নন এবং বাইরে থেকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হওয়ায় অবসর-পরবর্তী এসব সুবিধা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, এই বেতন কাঠামো কেবল সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে। কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী প্রেষণ, সংযুক্তি বা অন্য কোনো প্রশাসনিক ব্যবস্থায় এসব পদে দায়িত্ব পালন করলে তাদের ক্ষেত্রে এ বিধান কার্যকর হবে না।
সংশ্লিষ্টদের মতে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দপ্তরে কর্মরত ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন ও আর্থিক সুবিধা নিয়ে দীর্ঘদিনের অস্পষ্টতা দূর করতে নতুন এ নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে ভবিষ্যতে এ ধরনের নিয়োগের ক্ষেত্রে আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা আরও সুসংহত হবে বলে মনে করছেন তারা।



