শ্যালিকাকে বিয়ে একেবারেই নতুন নয়। বহু মানুষই শ্যালিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে স্ত্রীর উপস্থিতিতে শ্যালিকাকে বিয়ে? শুনে অবাক হলেন তো! এমন কাণ্ডই ঘটিয়েছেন বাংলাদেশের এক জাজের সহকারী তথা ক্রিয়েটর মাসুদ। সোশাল মিডিয়ায় নিজেই দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করেছেন তিনি। যা নিয়ে স্বাভাবিকভাবেই দানা বেঁধেছে বিতর্ক। বিয়ে নিয়ে আজব যুক্তি দিলেন মাসুদ রানা। শোনা যাচ্ছে, বিতর্কের জেরে কাজ হারিয়েছেন তিনি।
ওই যুবকের নাম মাসুদ রানা। তিনি বাংলাদেশের নওদার বদলগাছির বাসিন্দা। পেশায় এক জাজের সহকারী। শখের বসে ভিডিওও করেন তিনি। তাঁর প্রথম স্ত্রীর নাম মৌসুমী। গত ২৪ অক্টোবর স্ত্রীর বোন পূর্ণিমাকে বিয়ে করেন মাসুদ। রীতিমতো হলুদ অনুষ্ঠান করে, নিয়ম মেনে বিবাহ সম্পন্ন হয়। সোশাল মিডিয়ায় বিয়ের একাধিক ছবিও পোস্ট করেন তিনি। সেখানে দেখা যায় প্রথম স্ত্রী মৌসুমীকেও। কোনও ছবিতে তিনি হাসছেন, কোনওটিতে আবার কাঁদছেন।
এরপরই শ্যালিকাকে বিয়ের কারণ ব্যাখ্যা করেন মাসুদ। দীর্ঘদিন ধরেই শ্যালিকার সঙ্গে টিকটক ভিডিও করতেন তিনি। যা বিভিন্ন সোশাল মিডিয়া প্লাটফর্মে রয়েছে। মাসুদের দাবি, অন্য কোনও পরিবারে পূ্র্ণিমার বিয়ে হলে তাকে সমস্যার মুখে পড়তে হতে পারে। সেই কথা বিবেচনা করে নিজেই তাঁকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। প্রথম স্ত্রীকে বিষয়টা বুঝিয়ে বললে তিনি আপত্তি করেননি। এরপরই শুরু হয় আয়োজন।
মাসুদের এই যুক্তি একেবারেই ধোপে টেকেনি। বিয়ে করে স্ত্রীকে ভাড়া বাড়িতে নিয়ে গেলে তাঁদের বের করে দেওয়া হয় বলেই বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর। এরপর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে চলে যান মাসুদ। ভেবেছিলেন ওখানে সুখে শান্তিতে দিন কাটাবেন। কিন্তু তাও সম্ভব হয়নি। স্থানীয়রা নবদম্পতির মুখে চুন-কালি দিয়ে দেয়।
ইসলাম ধর্মে শর্ত সাপেক্ষে বহু বিবাহের অনুমোদন রয়েছে। তবে তা কখনই দুই বোনকে নয়। এক্ষেত্রে এক বোনের মৃত্যুর বা তালাকের পর তা মেনে নেওয়া হলেও তাঁর উপস্থিতিতে বোনকে বিয়ে করা কোনওভাবেই বৈধ নয়। আর সেই কারণেই মাসুদের উপর বেজায় চটেছেন সকলে। সোশাল মিডিয়ায় নিন্দার ঝড়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ ওমর ফারুকের সঙ্গে কথা হলে তিনি জানান, এরকম একটি ঘটনা তাঁরা ফেসবুকে দেখেছেন। তবে কেউ এখনও লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



