
নয়া দিল্লী, ২ মে – ভারতের নাগরিকদের মোবাইল ফোনে হঠাৎ একসঙ্গে জোরালো অ্যালার্ট সাউন্ড বেজে ওঠায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার সকালে এই ঘটনাটি ঘটে। মূলত জরুরি দুর্যোগ সতর্কতা ব্যবস্থার পরীক্ষামূলক সম্প্রচারের অংশ হিসেবে ভারত সরকার এই উদ্যোগ গ্রহণ করে। ফোনের স্ক্রিনে এক্সট্রিমলি সিভিয়ার অ্যালার্ট শিরোনামে একটি বিশেষ বার্তা ভেসে ওঠে।
বার্তায় জানানো হয় যে, ভারত সরকার নাগরিকদের জন্য তাৎক্ষণিক দুর্যোগ সতর্কতা সেবা চালুর লক্ষ্যে নিজস্ব প্রযুক্তিতে সেল ব্রডকাস্ট পদ্ধতি চালু করেছে। এতে আরও উল্লেখ করা হয় যে, এটি কেবল একটি পরীক্ষামূলক বার্তা এবং এর জন্য নাগরিকদের কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে।
সংস্থাটি জানায়, দুর্যোগের সময় দ্রুত ও নির্ভুল তথ্য জনসাধারণের কাছে পৌঁছে দিতে এই ব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হচ্ছে। দেশব্যাপী পর্যায়ক্রমে সেল ব্রডকাস্ট সুবিধা চালুর আগে এর নির্ভরযোগ্যতা পরীক্ষা করতেই এই সতর্কবার্তা পাঠানো হয়েছে।
পরীক্ষার অংশ হিসেবে ইংরেজি, হিন্দি এবং বিভিন্ন আঞ্চলিক ভাষায় একাধিকবার এই ধরনের বার্তা পাঠানো হতে পারে বলে সরকারিভাবে জানানো হয়েছে। জাতিসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন এর সুপারিশ অনুযায়ী কমন অ্যালার্টিং প্রটোকল (সিএপি) এর ভিত্তিতে এই সতর্কতা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে একই ধরনের পরীক্ষামূলক সতর্কবার্তা পাঠানো হয়েছিল। কর্তৃপক্ষ নাগরিকদের এসব বার্তায় আতঙ্কিত না হয়ে স্বাভাবিক থাকার অনুরোধ জানিয়েছে।
এস এম/ ২ মে ২০২৬






