এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আওয়ামী লীগের বিচারকদের পদত্যাগ দাবিতে আগামীকাল বুধবার ১৬ অক্টোবর হাইকোর্ট ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ মঙ্গলবার ১৫ অক্টোবর নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।

ফেসুবকে পোস্টে তারা দুজন লেখেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল সকাল ১১ টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি।
নিজের স্ট্যাটাসের কমেন্ট বক্সে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, যে লীগের হাতে হাজার হাজার ছাত্র ও নাগরিকের রক্ত লেগে আছে। দুই মাস না যেতেই তাদের কীভাবে দুঃসাহস হয় হাইকোর্ট প্রাঙ্গণে খুনি হাসিনার নামে স্লোগান দেওয়ার? সারজিস আলম তার স্ট্যাটাসের কমেন্ট বক্সে লিখেছেন, এই খুনি হাসিনার দালালদের কারনেই রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতে পারছে না ৷ এদের উৎখাত না করা পর্যন্ত দেশ সামনে আগাতে পারে না, পারবে না ৷


এর আগে, মঙ্গলবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে আওয়ামীপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা ‘শেখ হাসিনার দরকার, বারবার দরকার’; ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’; সহ নানা স্লোগান দেন।



