
ছবি: সংগৃহীত
মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যের একটি কারাগারে সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। সিনালোয়া রাজ্যের জননিরাপত্তা সচিবালয় জানায়, কারাগারের ভেতরে সংঘর্ষে নয়জন বন্দি ও তাদের সঙ্গে দেখা করতে আসা এক স্বজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বন্দরনগরী মাজাতলানের এল কাস্তিয়ো কারাগারে পরিবারের সদস্যদের সঙ্গে বন্দিদের সাক্ষাতের সময় এ সহিংসতা ঘটে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সিনালোয়া অঙ্গরাজ্যের জননিরাপত্তা সচিবালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ‘কারাগারের ভেতরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।’ তবে কী কারণে এ সংঘর্ষের সূত্রপাত, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
পরে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এএফপির একজন প্রতিবেদক জানান, ঘটনাস্থলে একটি সাঁজোয়া যান ও অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেখেছেন।
সিনালোয়ার জননিরাপত্তা সচিব সিনুহে তেলেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, ‘৯ জন বন্দি এবং কারাগারে দেখা করতে আসা একজন কিশোর প্রাণ হারিয়েছে। এ ছাড়া ১৬ জন বন্দি আহত হয়েছেন।’
মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত সিনালোয়া অঙ্গরাজ্যটি মাদক পাচারকারী সিনালোয়া কার্টেলের পরস্পরবিরোধী গোষ্ঠীগুলোর সংঘাতের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।
নিরাপত্তাঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে— মেক্সিকোর এমন ছয়টি অঙ্গরাজ্যের একটি হলো সিনালোয়া।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
