বুন্দেসলিগা শিরোপা জিতে জার্মান আধিপত্য ধরে রাখল বায়ার্ন | চ্যানেল আই অনলাইন

বুন্দেসলিগা শিরোপা জিতে জার্মান আধিপত্য ধরে রাখল বায়ার্ন | চ্যানেল আই অনলাইন

মৌসুমের চার ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয়বার জার্মানির ঘরোয়া লিগে শিরোপা নিজেদের করল বায়ার্ন মিউনিখ। ড্র করলেই ৩৫তম বুন্দেসলিগা জয় হতো, এমন সমীকরণে নেমে স্টুটগার্টকে ৪-২ গোলে হারিয়েছে বাভারিয়ানবাহিনী। গত ১৪ মৌসুমে এটা জার্মান জায়ান্টদের ১৩তম লিগ শিরোপা, একচেটিয়া আধিপত্য ধরে রাখল ক্লাবটি।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ২১ মিনিটে ক্রিস ফুহরিচের গোলে এগিয়ে যায় স্টুটগার্ট। যখন ৩১ মিনিট, ছয় মিনিটের ব্যবধানে রাফায়েল গুয়েরেইরো, নিকোলাস জ্যাকসন ও আলফোনসো ডেভিসের গোলে ৩-১এ এগিয়ে যায় বায়ার্ন। ৫২ মিনিটে চতুর্থ গোলটি করেন হ্যারি কেন। ৮৮ মিনিটে চেমা আন্দ্রেসের গোলে ব্যবধান কিছুটা কমায় অতিথি দল।

আসরে ৩২ গোল করে সর্বোচ্চের মালিক বায়ার্নের হ্যারি কেন। ১৮ গোল করে দ্বিতীয় স্থানে আছেন স্টুটগার্টের ডেনিজ উনদাভ। গোল করার সাহায্যে এগিয়ে বায়ার্নের মাইকেল অলিসে, যার অ্যাসিস্ট সংখ্যা ১৮ এবং ১৩টি অ্যাসিস্ট করে দ্বিতীয় আরেক বাভারিয়ান ডেভিড লুইজ।

শিরোপা জয়ের পর সর্বোচ্চ গোলদাতা কেন বলেছেন, ‘আমাদের জন্য এটা একটা অসাধারণ মৌসুম ছিল। যেভাবে আমরা লিগ শেষ করছি এবং যে গোলগুলো করেছি, তার কৃতিত্ব ছেলেদের মানসিকতারই প্রাপ্য। প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ পর্যন্ত, আমরা চেষ্টা চালিয়ে যাব। অন্যান্য প্রতিযোগিতায় আমাদের এখনও অনেককিছু পাওয়ার আছে। এত কঠোর পরিশ্রম, একসাথে কাটানো দিনগুলো, আবারও চ্যাম্পিয়ন হতে পারাটা সবকিছুকে সার্থক করে তুলেছে।’

জশুয়া কিমিচ নিজের দশম বুন্দেসলিগা শিরোপা জিতে বলেছেন, ‘আমি আশা করি আরও দশটি আসবে।’

বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেছেন, ‘এটা এক অসাধারণ অনুভূতি। এধরনের মুহূর্তগুলো উপভোগ করতে অনেক কঠোর পরিশ্রম করতে হয়, তাই এগুলোকে মন ভরে উপভোগ করতে হবে। আমরা এই মৌসুমে আরও জিততে পারি। এখনও সব শেষ হয়ে যায়নি, সামনে আরও অনেককিছু বাকি আছে।’

জার্মান ক্লাবটির লক্ষ্য এখন আসরে ট্রেবল জয়ের। সুযোগ আছে চলতি মৌসুমের ট্রেবল জয়েরও। বৃহস্পতিবার জার্মান কাপের সেমিফাইনালে লেভারকুসেনের বিপক্ষে নামবে চ্যাম্পিয়নরা এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ২৮ এপ্রিল প্রথম লেগে প্যারিসে পিএজির বিপক্ষে নামবে কোম্পানির দল। বায়ার্ন ট্রেবল জয় করলে, ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে তিনবার এ গৌরব গড়বে নাম লেখাতে পারবে।

Scroll to Top