
কানসাস সিটি, ১৭ জুন – রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নেমে নিজের প্রথম ম্যাচেই জালের দেখা পেলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে ১৬তম মিনিটে বক্সের বাইরে থেকে এক দূরপাল্লার শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তিনি।
জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার ২০০তম ম্যাচ। ম্যাচটি শুরু থেকেই বেশ রোমাঞ্চকর হয়ে ওঠে। যদিও শুরুতে অফসাইডের কারণে মেসির একটি গোল এবং আলজেরিয়ার একটি গোল বাতিল হয়ে যায়। ম্যাচের ১৬তম মিনিটে মাঝমাঠ থেকে রদ্রিগো ডি পলের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের জোরালো শট নেন মেসি।
আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান বলে হাত ছোঁয়ালেও বলটি জালে জড়ানো আটকাতে পারেননি।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা এখন ১৪। এর আগে ফ্রান্সের কিলিয়ান এমবাপেও বিশ্বকাপে ১৪ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন। বর্তমানে তারা দুজনেই মিরোস্লাভ ক্লোসার করা ১৬ গোলের বিশ্বরেকর্ড ছোঁয়ার পথে রয়েছেন।
এছাড়া আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ১১৮-তে।
এনএন/ ১৭ জুন ২০২৬






