২০১৪ সালের বিশ্বকাপজয়ী জার্মান কিংবদন্তি টনি ক্রুস ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে নিজের পছন্দের দল হিসেবে স্পেনকে এগিয়ে রেখেছেন। তবে তিনি মনে করেন, আর্জেন্টিনাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে নাকারণ সামান্য ভুলেরও কঠিন মূল্য দিতে হতে পারে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে ক্রুস বলেন, পুরো টুর্নামেন্টে স্পেন যেভাবে আধিপত্য বিস্তার করেছে, তাতে তারাই ফাইনালের সবচেয়ে শক্তিশালী দাবিদার।
তিনি বলেন,
> ”আমার কাছে বিষয়টি একেবারেই পরিষ্কার। স্পেনই ফাইনালের ফেবারিট। যদি স্পেন প্রথম গোলটি করে, তাহলে ম্যাচ কার্যত তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। এরপর আরও তিন-চারটি গোলও হতে পারে।”
তবে স্পেনকে এগিয়ে রাখলেও লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার সামর্থ্য সম্পর্কে সতর্ক করেছেন সাবেক রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।
ক্রুসের ভাষায়,
> ”আর্জেন্টিনার বিপক্ষে কোনো ভুল করা যাবে না। তাদের যদি সামান্যতম জায়গাও দেওয়া হয়, তারা সেটির পুরো সুবিধা নেবে।”
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে ক্রুসের নিজেরও। ২০১৪ সালে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তিনি জার্মানির শুরুর একাদশে ছিলেন। অতিরিক্ত সময়ে মারিও গ্যোটজের একমাত্র গোলে ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল জার্মানি।
এবারের ফাইনালেও মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনা। একদিকে অভিজ্ঞ লিওনেল মেসিঅন্যদিকে তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল—দুই প্রজন্মের দুই তারকাকে ঘিরে শিরোপা নির্ধারণী এই ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।



