বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন নেতানিয়াহু – DesheBideshe

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন নেতানিয়াহু – DesheBideshe


বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন নেতানিয়াহু – DesheBideshe

তেল আবিব, ১৯ জুলাই – ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের মহারণে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে নিজের সমর্থনের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। লিওনেল মেসিদের শিরোপা ধরে রাখার লড়াইয়ে তার পূর্ণ সমর্থন থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই হাইভোল্টেজ ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরোপীয় পরাশক্তি স্পেন। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠক চলাকালে রাষ্ট্রদূত নেতানিয়াহুর হাতে আর্জেন্টিনা জাতীয় দলের একটি নীল-সাদা জার্সি তুলে দেন। সাক্ষাৎকারে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে পাঠানো একটি বিশেষ অডিও বার্তাও শোনানো হয়।

অডিও বার্তায় মিলেই উল্লেখ করেন যে, নেতানিয়াহু সবসময় আর্জেন্টিনার পাশে থাকেন এবং তার এই অকুণ্ঠ সমর্থনে আর্জেন্টিনা কৃতজ্ঞ। এর প্রত্যুত্তরে নেতানিয়াহু প্রেসিডেন্ট মিলেইকে তার বন্ধু হিসেবে অভিহিত করেন। তিনি বলেন যে আর্জেন্টিনার প্রতি ইসরায়েলের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সমর্থন সবসময় অটুট থাকবে।

নেতানিয়াহু আরও উল্লেখ করেন যে শুধু তিনি একা নন, বরং ইসরায়েলের অধিকাংশ ফুটবলপ্রেমী মানুষই ফাইনালে আর্জেন্টিনার জয় প্রত্যাশা করবেন।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি স্প্যানিশ ভাষায় ভামোস আর্জেন্টিনা বলে মেসিদের শুভকামনা জানান। ফুটবল বিশ্বের বহুল প্রতীক্ষিত এই ফাইনালকে ঘিরে কূটনৈতিক পর্যায়ের এই প্রকাশ্য সমর্থন আন্তর্জাতিক মহলে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে।

এস এম/ ১৯ জুলাই ২০২৬



Scroll to Top