দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের বাকি অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একই সময়ের পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (২৪ এপ্রিল) থেকে বৃষ্টিপাতের পরিসর কিছুটা বাড়তে পারে। এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (২৫ এপ্রিল) আরও কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সার্বিকভাবে, সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপপ্রবাহ পুরোপুরি কাটার সম্ভাবনা এখনও কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।




