বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টায় শপিংমল, দোকান বন্ধ রাখার নির্দেশ | চ্যানেল আই অনলাইন

বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টায় শপিংমল, দোকান বন্ধ রাখার নির্দেশ | চ্যানেল আই অনলাইন

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে বিলবোর্ডের আলোকসজ্জা এবং বিভিন্ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও ওই সময়ের মধ্যে শেষ করতে বলা হয়েছে।

সোমবার ১ জুন বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটি দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সব ধরনের শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে। পাশাপাশি সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জাও একই সময়ের মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে গত ১২ মে থেকে বিশেষ ব্যবস্থায় রাত ১০টা পর্যন্ত মার্কেট ও শপিংমল খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। সেই বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় সোমবার থেকে আগের সময়সূচি পুনর্বহাল করা হলো।

Scroll to Top