বিশ্বকাপে ইকুয়েডরের বিপক্ষে জয়ের পর সমর্থকদের বিতর্কিত স্লোগানের কারণে ফিফার শাস্তির মুখে পড়তে পারে সহ-আয়োজক মেক্সিকো। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা হুলিয়ান কুইনোনেস ও রাউল হিমেনেজের গোলে ইকুয়েডরকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে মেক্সিকো। এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে ৪০ বছরের মধ্যে তাদের প্রথম জয়। টানা চার ম্যাচে কোন গোল না হজম করে জেতা প্রথম দলও হয়েছে তারা, ১৯৯০ সালের ইতালির পর।
তবে ম্যাচ চলাকালে গ্যালারি থেকে প্রতিপক্ষ গোলরক্ষকের গোলকিকের সময় সমর্থকদের একটি বিতর্কিত স্লোগান দিতে শোনা যায়। স্প্যানিশ ভাষার ‘পুতো’ শব্দটি সমকামী বিদ্বেষমূলক গালি হিসেবে বিবেচিত হওয়ায় বিষয়টি নিয়ে তদন্ত করতে পারে ফিফা।
এই স্লোগানের কারণে এর আগেও একাধিকবার শাস্তি পেয়েছে মেক্সিকান ফুটবল ফেডারেশন। ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও একই ঘটনা ঘটেছিল। এবারের বিশ্বকাপ শুরুর আগে সমর্থকদের এ ধরনের স্লোগান থেকে বিরত রাখতে সচেতনতামূলক প্রচারণাও চালায় ফেডারেশন। ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের সাবেক খেলোয়াড়রাও সমর্থকদের গালি না দিয়ে শুধু ‘মেক্সিকান ওয়েভ’ করার আহ্বান জানিয়েছিলেন। তবে সেই উদ্যোগ কার্যকর হয়নি।
এর আগে ২০২৪ সালে বলিভিয়া, উরুগুয়ে, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে একই স্লোগানের কারণে ফিফার দেয়া এক লাখ ৪০ হাজার সুইস ফ্রাঁ জরিমানার সিদ্ধান্ত বহাল রাখে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)। যদিও স্টেডিয়ামের একটি অংশ বন্ধ রাখার শাস্তি প্রত্যাহার করা হয়। সিএএস জানায়, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং সমর্থকদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে থাকা আচরণ।



