রাজধানীর বিজয় সরণি মোড়ে অবস্থিত কলমিলতা বাজারে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
আজ (১৯ মে) মঙ্গলবার ভোরে দুইতলা এই মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। সকাল ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে রওনা হয় বিভিন্ন স্টেশনের ইউনিট। পরে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট আগুন নেভানোর অভিযানে অংশ নেয়।
এরপর সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা।





