সংলাপ, সহনশীলতা, সংহতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি (কালচার অফ পিস) বিষয়ক ঘোষণা ও কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি’ শীর্ষক প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ।
শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত সাধারণ পরিষদের বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়।
প্রস্তাব উপস্থাপনের সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল সমাজ প্রতিষ্ঠায় ধারাবাহিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা এবং জাতিসংঘ সনদের মূলনীতির প্রতি দৃঢ় অঙ্গীকার অপরিহার্য।
তিনি প্রস্তাবটির প্রতি সদস্য রাষ্ট্রগুলোর গঠনমূলক সহযোগিতা ও ব্যাপক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বিভাজনের পরিবর্তে সংলাপ, সংঘাতের বদলে সহযোগিতা এবং অসহিষ্ণুতার পরিবর্তে পারস্পরিক বোঝাপড়ার সংস্কৃতি জোরদারে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশের উদ্যোগে ১৯৯৯ সালে প্রথম গৃহীত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক এ প্রস্তাব গত প্রায় আড়াই দশক ধরে জাতিসংঘে এ সংক্রান্ত বৈশ্বিক এজেন্ডা এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছে। প্রস্তাবটি বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা, সংহতি ও অহিংসার মূল্যবোধকে উৎসাহিত করার পাশাপাশি সংঘাত প্রতিরোধ, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

