বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে বর্তমান সরকার সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ের নভোথিয়েটারে আয়োজিত দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, বাংলাদেশ তা অর্জন করতে সক্ষম হবে। এই সম্মেলনের মাধ্যমে আমরা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি মেধাভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তা পৌঁছে দিতে চাই।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে সেমিকন্ডাক্টর শিল্পের গুরুত্ব দ্রুত বাড়ছে। এই বাস্তবতায় বাংলাদেশকে শুধু উৎপাদনশীল অর্থনীতিই নয়, উদ্ভাবননির্ভর ও জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।

