বাংলাদেশের ফুটবল উন্মাদনা এবার নজর কেড়েছে ব্রাজিলের মূলধারার গণমাধ্যমের – DesheBideshe

বাংলাদেশের ফুটবল উন্মাদনা এবার নজর কেড়েছে ব্রাজিলের মূলধারার গণমাধ্যমের – DesheBideshe


বাংলাদেশের ফুটবল উন্মাদনা এবার নজর কেড়েছে ব্রাজিলের মূলধারার গণমাধ্যমের – DesheBideshe

ঢাকা, ১৩ জুন – বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার আগেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। বিশেষ করে ব্রাজিলকে নিয়ে এদেশের মানুষের গভীর আবেগ এখন খোদ ব্রাজিলের মূলধারার গণমাধ্যমের নজর কেড়েছে।

ব্রাজিলের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম গ্রুপো গ্লোবোর ক্রীড়া প্ল্যাটফর্ম জিই. গ্লোবো সম্প্রতি বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের গ্রাম ও শহরের অলিগলি এবং বাড়ির ছাদে ব্রাজিলের পতাকা উড়ছে।

ফুটবল তারকাদের দেয়ালচিত্র আঁকা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের নানা আয়োজনের ভিডিও এখন আন্তর্জাতিক মহলে আলোচিত। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের কাছে সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো ভৌগোলিকভাবে দূরে থাকলেও এবং জাতীয় দলের ফুটবল সাফল্য সীমিত হলেও এদেশের মানুষের ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা।

প্রায় ১৭ কোটি মানুষের এই দেশে ফুটবল বিশ্বকাপ মানেই এক উৎসবমুখর পরিবেশ। বাংলাদেশের এই ফুটবল প্রেমের ইতিহাস বেশ পুরনো। প্রতিবেদনে বলা হয়েছে গত শতাব্দীর ষাটের দশকে কিংবদন্তি ফুটবলার পেলে এবং গারিঞ্চাদের জাদুকরী পারফরম্যান্স বাংলাদেশের মানুষের মনে ব্রাজিলের প্রতি আকর্ষণের সূচনা করে।

পরবর্তী সময়ে আশির দশকে জিকো এবং সোক্রাতেসদের সময়কালে সেই ভালোবাসা আরও সুদৃঢ় হয়। বাংলাদেশের এই উন্মাদনা নিয়ে ঢাকা ভাইব্রা: বাংলাদেশে ফুটবল অভিযাত্রা নামে একটি প্রামাণ্যচিত্রও নির্মিত হয়েছে। এর পরিচালক রাফায়েল বারগামাস্কি জানান বাংলাদেশিরা শুধু ব্রাজিলের ফুটবল নয় বরং দেশটির ঐতিহ্যকেও আপন করে নিয়েছে।

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে নেইমার এবং রোনালদো নাজারিওদের বিশাল দেয়ালচিত্রের ছবিও ব্রাজিলিয়ান গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে। পাশাপাশি সমর্থকদের মিছিল ও শোভাযাত্রার দৃশ্যও উঠে এসেছে তাদের প্রতিবেদনে। তবে এই উদ্দীপনার পাশাপাশি কিছু অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনাও তাদের নজরে এসেছে।

সম্প্রতি হবিগঞ্জে দুই দলের সমর্থকদের মধ্যে একটি প্রীতি ম্যাচকে কেন্দ্র করে হতাহতের খবরও তারা প্রকাশ করেছে। তবে বিচ্ছিন্ন এসব ঘটনার চেয়ে বাংলাদেশের মানুষের অকৃত্রিম ভালোবাসাই ব্রাজিলিয়ানদের বেশি মুগ্ধ করেছে। হাজার মাইল দূরে থাকলেও কোটি কোটি মানুষের সমর্থন ব্রাজিল দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে।

এস এম/ ১৩ জুন ২০২৬



Scroll to Top