বর্তমান সরকারের মন্ত্রিসভার ৭৪ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে – DesheBideshe



ঢাকা, ১৭ আগস্ট – বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে গত ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭টি বৈঠকে গৃহীত মোট ১০৮টি সিদ্ধান্তের মধ্যে ৮০টি বাস্তবায়ন করা হয়েছে। বাকি ২৮টি সিদ্ধান্ত বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। সেই হিসেবে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৭৪ শতাংশ।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ মে থেকে জুলাই পর্যন্ত সময়ের প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় বর্তমান সরকারের কার্যকালে এ পর্যন্ত ৮৪টি সারসংক্ষেপ পেশ করা হয়েছে।

গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত মোট ৪৩টি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এই সময়ে মন্ত্রিসভা থেকে ৭টি গুরুত্বপূর্ণ নীতি ও কর্মপরিকল্পনা অনুমোদিত হয়েছে। এছাড়া তিনটি আন্তর্জাতিক চুক্তি বা প্রটোকলের খসড়া অনুমোদনের প্রস্তাব গ্রহণ করা হয়েছে যার মধ্যে একটি স্বাক্ষরিত হয়েছে এবং দুটি বাস্তবায়নাধীন আছে।

বর্তমান সরকারের চলতি মেয়াদে জাতীয় সংসদ অধিবেশনে এ পর্যন্ত ১০৪টি আইন পাস করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এনএন/ ১৭ আগস্ট ২০২৬



Scroll to Top