পশ্চিম ইউরোপে প্রাণঘাতী তাপপ্রবাহ এবার পূর্ব দিকে ছড়িয়ে পড়ছে। জার্মানি ও পোল্যান্ডে শনিবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এরই মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও সুইজারল্যান্ডে জুন মাসের রেকর্ড তাপমাত্রা দেখা গেছে।
আজ (২৭ জুন) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, জার্মানির সরকারি সম্প্রচারমাধ্যম এআরডি বলছে ফ্রান্স সীমান্তবর্তী সারব্রুকেন এলাকায় শুক্রবার প্রাথমিক সরকারি তথ্য অনুযায়ী তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হতে পারে।
জার্মানির আবহাওয়াবিষয়ক প্রতিষ্ঠান ডোনারভেটার ডটডিই এর আবহাওয়াবিদ কার্স্টেন ব্রান্ট বলেন, সপ্তাহান্তে কিছু এলাকায় তাপপ্রবাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে।চরম গরমের কারণে রোববার ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিতব্য আয়রনম্যান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রায়াথলনের সাইক্লিং ও দৌড়ের পথ সংক্ষিপ্ত করা হয়েছে।
এছাড়া অবকাঠামোর ক্ষতি এড়াতে বিভিন্ন সরকারি সেবাদানকারী সংস্থা বিশেষ সতর্কতা গ্রহণ করেছে। জার্মানির জাতীয় রেলওয়ে অপারেটর ডয়েচে বান জানিয়েছে, তাপপ্রবাহের কারণে যাত্রীরা আগামী সপ্তাহের শুরু পর্যন্ত দূরপাল্লার ট্রেনের টিকিট বিনা খরচে বাতিল করতে পারবেন। অতিরিক্ত তাপ, বজ্রঝড় এবং দাবানলের ঝুঁকিতে রেললাইন, সিগন্যাল ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, মাসের শেষ দিকে এই তাপপ্রবাহ মধ্য ইউরোপ ও বলকান অঞ্চলের দিকে সরে যাবে। তবে রোববার থেকে জার্মানির বিভিন্ন এলাকায় ভারী বজ্রঝড়ের সম্ভাবনা থাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে।


