স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “এন্ট্রি ড্রাগ সোসাইটি” আয়োজিত এ সমাবেশে বক্তারা মাদক প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে।
তিনি বলেন, এশিয়ার তিনটি গুরুত্বপূর্ণ মাদক উৎপাদন ও পাচার অঞ্চল— গোল্ডেন ট্রায়াঙ্গল (মিয়ানমার, লাওস ও থাইল্যান্ড), গোল্ডেন ক্রিসেন্ট (ইরান, আফগানিস্তান ও পাকিস্তান) এবং গোল্ডেন ওয়েজের মধ্যবর্তী কৌশলগত অবস্থানে থাকায় আন্তর্জাতিক মাদক সিন্ডিকেট বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করার অপচেষ্টা চালাচ্ছে।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
সমাবেশে বক্তারা সীমান্তে নজরদারি আরও জোরদার করা, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে দেশব্যাপী কার্যকর কর্মসূচি গ্রহণের দাবি জানান।
সংগঠনের সভাপতি মো. আল হাদী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডেইলি নিউ নেশন-এর উপদেষ্টা সম্পাদক ও কলামিস্ট সৈয়দ তোশাররফ আলী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, শিক্ষক নেতা অধ্যাপক শফিকুল ইসলাম, জাতীয় মানবাধিকার পরিষদ-এর চেয়ারম্যান প্রিন্সিপাল এ এস এম মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক এম এইচ প্রিন্স, কাজী আবির আসলাম, আয়াতুল্লাহ আকতার এবং মতিউর রহমান প্রমুখ।
সমাবেশে এন্ট্রি ড্রাগ সোসাইটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক সচেতন নাগরিক অংশ নেন।



