
ছবি: সংগৃহীত
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবরকে অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি। সরকারের উচ্চপর্যায় থেকে তাকে পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।
রোববার ১৮ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ইশরাক হোসেন।
পোস্টে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার পদত্যাগ কিংবা তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে যে খবর প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য ও বানোয়াট। তিনি সরকারি ও রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন। তার পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে এ ধরনের মিথ্যা তথ্য প্রচার করছে।

গত শনিবার নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে সৃষ্ট পরিস্থিতিতে আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের ঘটনা নিয়েও পোস্টে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে নিজের অবস্থান আগেই পরিষ্কার করেছেন বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
পোস্টে তিনি বলেন, ওই ঘটনাকে কেন্দ্র করে তার পদত্যাগের খবর প্রচার করা বেআইনি ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।
এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে গণমাধ্যম ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, যেসব গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে, তাদের অবিলম্বে তা প্রত্যাহার করে সঠিক তথ্য প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায়, অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পোস্টে উল্লেখ করা হয়।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

