ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার | চ্যানেল আই অনলাইন

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার | চ্যানেল আই অনলাইন

ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। পিছিয়ে পড়ে সমতায় আসার পরও ম্যাচে নিজেদের অনুকূলে আনতে পারেননি আফঈদা-মারিয়ারা। সেই হারের কারণ ব্যাখ্যা করেছেন বাংলাদেশের কোচ পিটার জেমস বাটলার।

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাটলার ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট হিসেবে আনিকার ইনজুরিকে উল্লেখ করে বলেন, ‘আনিকা মাঠে থাকাকালে দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। তাকে ৯ নম্বর পজিশনের বদলে ১০ নম্বর ভূমিকায় খেলানোর সিদ্ধান্তও সফল হয়েছিল বলে মনে করেন তিনি।’

অধিনায়ক মারিয়া মান্দাকে নিয়ে বাটলার বলেন, ‘মারিয়া উদাহরণ সৃষ্টি করে নেতৃত্ব দেয়। অন্যদিকে আরফিন ও সুমাইয়ার মতো তরুণদের ভবিষ্যতের জন্য বড় সম্ভাবনা হিসেবে দেখছি।’

তবে দলের কিছু অভিজ্ঞ খেলোয়াড়কে নিয়ে উদ্বেগও প্রকাশ করেন বাটলার, ‘কয়েকজন ফুটবলার এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেখানে তাদের নতুন করে নিজেদের প্রমাণ করতে হবে। অন্যথায় বিকল্প খুঁজে নিতে বাধ্য হবে দল।’

মনিকা চাকমার প্রসঙ্গ টেনে তিনি জানান, ‘মনিকা পুরোপুরি ফিট না থাকা সত্ত্বেও তাকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু সে কোনো ম্যাজিক দেখাতে পারেনি।’

বাংলাদেশ নারী ফুটবলের সামগ্রিক কাঠামো নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন বাটলার বলেন, ‘বাংলাদেশের নারী ফুটবলে সক্রিয় ও নিয়মিত লিগ না থাকায় খেলোয়াড়দের উন্নয়নের সুযোগ সীমিত। যেখানে ভারতীয় ফুটবলাররা সপ্তাহের পর সপ্তাহ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে, সেখানে বাংলাদেশের খেলোয়াড়দের সেই সুযোগ খুবই কম।’

Scroll to Top