প্রশংসায় ভাসছে নতুন ‘হ্যারি পটার’ সিরিজের ট্রেলার – DesheBideshe



হ্যারি পটার

লন্ডন, ৫ সেপ্টেম্বর – হ্যারি পটার মানেই এক প্রজন্মের শৈশবের স্মৃতি এবং জাদুর দুনিয়ায় তিন বন্ধুর রোমাঞ্চকর অভিযাত্রা। নতুন অভিনয়শিল্পী নিয়ে এই ফ্র্যাঞ্চাইজি পুনরায় পর্দায় ফিরছে এমন খবর প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। তবে নতুন সিরিজের ট্রেলার প্রকাশের পর সেই সংশয় অনেকটাই কেটে গেছে।

হ্যারি, রন ও হারমায়োনির নতুন রূপ দেখে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অনুরাগীরা এখন প্রশংসায় পঞ্চমুখ। চলতি বছরের মার্চে যখন সিরিজটির প্রাথমিক ঝলক প্রকাশ করা হয়, তখন ড্যানিয়েল র‌্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্ট ও এমা ওয়াটসনের বিকল্প হিসেবে নতুনদের মেনে নেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়েছিল।

অনেকের মনেই প্রশ্ন ছিল যে নতুন শিশু অভিনয়শিল্পীরা সেই পরিচিত আবহ ফিরিয়ে আনতে পারবে কি না। ট্রেলারে হগওয়ার্টসের চিরচেনা পরিবেশ এবং জাদুকরী আবহে নতুনদের উপস্থাপন দর্শকদের মধ্যে এক ধরণের নস্টালজিয়া তৈরি করেছে। বিশেষ করে নতুন হারমায়োনির চরিত্রায়ন আলাদাভাবে দর্শকদের নজর কেড়েছে।

ট্রেলার দেখার পর ভক্তরা জানিয়েছেন যে এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে যেন বহু বছর পর তারা তাদের পুরনো ঠিকানায় ফিরে এসেছেন। এটি কেবল আগের সিনেমাগুলোর পুনর্নির্মাণ নয় বরং মূল উপন্যাসের কাহিনিকে আরও বিস্তারিতভাবে উপভোগ করার একটি সুযোগ।

জে কে রোলিংয়ের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাওয়া এই সিরিজটিতে সিনেমার চেয়েও বেশি খুঁটিনাটি বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ডিসেম্বরে ছোট পর্দায় যাত্রা শুরু করবে নতুন হ্যারি পটার। ট্রেলার যদি ভক্তদের প্রত্যাশার সঠিক প্রতিফলন হয়ে থাকে তবে জাদুর দুনিয়া নিয়ে সামনে আরও বড় উন্মাদনা অপেক্ষা করছে।

এস এম/ ৫ সেপ্টেম্বর ২০২৬

Scroll to Top