
ওয়াশিংটন, ৩ সেপ্টেম্বর – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পুনরায় শীর্ষ বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন। তবে এই বৈঠকের জন্য তিনি একটি বিশেষ শর্তারোপ করেছেন। ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের অবসানে একটি কার্যকর শান্তিচুক্তির পথে এগোলেই কেবল এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। তিনি মনে করেন, পুতিন নিজেও একটি নতুন বৈঠকে বসতে আগ্রহী হবেন। তবে ট্রাম্প সঠিক সময়ে বৈঠকটি আয়োজন করতে চান। তিনি বলেন, শান্তিচুক্তির জন্য উভয় পক্ষ প্রস্তুত থাকলেই তিনি বৈঠকে বসতে রাজি।
মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন যে, রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সঙ্গেই যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক থাকা প্রয়োজন। তার মতে, দুই দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যের জন্য ইতিবাচক হবে। তিনি আরও জানান, যুদ্ধ শেষের দিকে এগিয়ে না যাওয়া পর্যন্ত তিনি এই বৈঠকের জন্য অপেক্ষা করতে চান।
ট্রাম্পের বিশ্বাস, অদূর ভবিষ্যতে এই যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হবে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে ট্রাম্প তার পূর্বের অবস্থানের কথা পুনরায় স্মরণ করিয়ে দেন। তিনি দাবি করেন, এই যুদ্ধ কখনোই শুরু হওয়া উচিত ছিল না। ট্রাম্পের মতে, ২০২০ সালের নির্বাচনে তিনি বিজয়ী হলে এই যুদ্ধের পরিস্থিতি তৈরি হতো না।
তিনি উল্লেখ করেন যে, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত তার প্রথম মেয়াদে পুতিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এবং তখন যুদ্ধের কোনো সম্ভাবনা ছিল না। পুতিন ও জেলেনস্কির মধ্যকার তীব্র বিরোধের বিষয়টি স্বীকার করে ট্রাম্প বলেন, পরিস্থিতি ধীরে ধীরে এমন একটি পর্যায়ে পৌঁছাবে যখন সমাধানের জন্য উপযুক্ত সময় আসবে।
এস এম/ ৩ সেপ্টেম্বর ২০২৬
