হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ব্যবহারকারীর হয়ে সরাসরি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে পারে না। কারণ, অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন নম্বরটির প্রকৃত মালিকানা যাচাই করার সুযোগ তাদের নেই। একইভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে হারানো ফোনের অবস্থান শনাক্ত করাও সম্ভব নয়। তাই ফোন হারিয়ে গেলে শুধু হোয়াটসঅ্যাপের সহায়তায় সেটি খুঁজে পাওয়া বা অন্য ফোন থেকে সরাসরি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার সুযোগ নেই।
হারানো ফোনের পরিবর্তে অন্য ফোনে একই নম্বর দিয়ে অ্যাকাউন্ট পুনরায় নিবন্ধন করলে আগের ফোন থেকে অ্যাকাউন্টটি লগআউট হয়ে যাবে। তবে নতুন ফোনে অ্যাকাউন্ট চালু করলেই পুরোনো সব চ্যাট ফিরে আসবে, এমন নিশ্চয়তা নেই। আগে থেকে গুগল অ্যাকাউন্টে চ্যাটের ব্যাকআপ রাখা থাকলে সেখান থেকে বার্তা পুনরুদ্ধার করা সম্ভব। এ কারণে গুরুত্বপূর্ণ কথোপকথন হারানোর ঝুঁকি কমাতে নিয়মিত চ্যাটের ব্যাকআপ রাখা প্রয়োজন।
হোয়াটসঅ্যাপ ওয়েব বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে হারানো ফোনের অ্যাকাউন্ট থেকে সরাসরি লগআউট করা যায় না। তাই ফোন হারানোর পর দ্রুত সিম কার্ড বন্ধ করে একই নম্বরের নতুন সিম সংগ্রহ করা এবং অন্য ফোনে অ্যাকাউন্ট পুনরায় নিবন্ধন করাই সবচেয়ে কার্যকর পদক্ষেপ।


