টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া এলাকায় রাঙামাটি-বান্দরবান সড়কের একটি সেতুর অংশ ধসে পড়েছে। এতে রাঙামাটি ও বান্দরবানের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।
শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময়ে পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। সেতুর একাংশ ধসে পড়ায় সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে দুই প্রান্তে আটকা পড়েছেন বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী মানুষ।
স্থানীয় বাসিন্দা ও সড়ক বিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত থেকে এলাকায় পাহাড়ি ঢলের প্রবল স্রোত ছিল। এ সময় একটি রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে গেলে পানির চাপ আরও বেড়ে যায়। পরে প্রবল স্রোতের তোড়ে সেতুর একটি অংশ ধসে পড়ে। এতে কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষের ভোগান্তি বেড়েছে।
যদিও সেতুটি রাঙ্গুনিয়া উপজেলার মধ্যে অবস্থিত, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের। বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, বান্দরবান থেকে ঘটনাস্থলে যাওয়ার পথে বালাঘাটা ও স্বর্ণমন্দির এলাকায় সড়ক এবং একটি সেতু পানিতে তলিয়ে থাকায় তাদের টিম এখনো সেখানে পৌঁছাতে পারেনি।
তিনি বলেন, পানি নেমে গেলে দ্রুত বেইলি সেতু স্থাপনের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে। তবে পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কত সময় লাগবে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।



