বাগেরহাটের মোংলার পশুর নদে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ হওয়া সেই সাবেক নারী পাইলট রিয়ানা আজাদের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
নিখোঁজের তিনদিন পর সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলার সাইলো জেটিসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরআগে, গত শনিবার (৮ নভেম্বর) নৌকা ডুবে নিখোঁজ হন ওই পাইলট।
রিয়ানা আজাদ রাজধানীর উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। তাঁদের গ্রামের বাড়ি বরিশালে। তিনি বিমানের সাবেক পাইলট। পরে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। পরিবার নিয়ে সুন্দরবনে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় পড়েন রিয়ানা।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত শনিবার ১৪ জন পর্যটক নিয়ে সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালিবোটযোগে যাত্রা করলে দুপুর একটার দিকে তা ডুবে যায়। স্থানীয় বোটের সহায়তায় ১৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ হন রিয়ানা।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা আরও বলেন, কোস্টগার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে দুইটি উদ্ধারকারী দল কোস্টগার্ড বোটযোগে অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ পর্যটকের অনুসন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। তিন দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর আজ সোমবার সকাল ৭টায় কোস্টগার্ড, মোংলার সাইলো জেটিসংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করে। উদ্ধারের পর মরদেহ চাঁদপাই নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।



