২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘কে’-এর শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলম্বিয়া ও পর্তুগাল। দুদলই ইতোমধ্যে শেষ ৩২ নিশ্চিত করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ম্যাচটি বাড়তি গুরুত্ব বহন করছে। আর সেই ম্যাচের আগে পর্তুগালকে কড়া বার্তা দিয়েছেন কলম্বিয়ার তারকা উইঙ্গার লুইস দিয়াজ।
রোববার ভোর ৫টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এর আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে পর্তুগালের বিপক্ষে ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে কিছুটা রসিকতা করেই দিয়াজ বলেন, ‘আমরা উজবেকিস্তান নই। জিততে হলে আমাদের মেরেই জিততে হবে।’
দিয়াজের এই মন্তব্য ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তার এই আত্মবিশ্বাসী বার্তা স্পষ্ট করে দিচ্ছে, শক্তিশালী পর্তুগালের বিপক্ষেও কোনো ছাড় দিতে রাজি নয় কলম্বিয়া।
গ্রুপ পর্বে এপর্যন্ত দুটি ম্যাচই জিতে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কলম্বিয়া। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ডিআর কঙ্গোকে ১-০ গোলে পরাজিত করে তারা। সেই ম্যাচে ৭৫ মিনিটে জয়সূচক গোলটি করেন ড্যানিয়েল মুনোজ।
অন্যদিকে পর্তুগালের শুরুটা প্রত্যাশামতো না হলেও দ্রুত ঘুরে দাঁড়ায় দলটি। প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর উজবেকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

