
নয়া দিল্লি, ২০ জুন – ভারতে নিট (ইউজি) মেডিকেল ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে এক নজিরবিহীন প্রযুক্তিগত ত্রুটির ঘটনা ঘটেছে। মহারাষ্ট্র রাজ্যের নাগপুর জেলার এক শিক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্র হিসেবে ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির একটি স্কুল বরাদ্দ দেওয়া হয়েছে।
দেশটির ন্যাশনাল টেস্টিং এজেন্সির কারিগরি ভুলের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। শনিবার প্রকাশিত সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আব্দুল্লাহ মোহাম্মদ তালিব নামের ওই শিক্ষার্থী প্রবেশপত্র ডাউনলোড করে দেখতে পান তার পরীক্ষাকেন্দ্র আবুধাবিতে নির্ধারণ করা হয়েছে।
অথচ তিনি নাগপুর থেকে পরীক্ষার আবেদন করেছিলেন এবং দেশের মধ্যের শহরগুলোকেই কেন্দ্র হিসেবে পছন্দ করেছিলেন। বিষয়টি আরও জটিল হয়ে ওঠে যখন জানা যায় যে আব্দুল্লাহর কোনো পাসপোর্ট নেই। ফলে পাসপোর্ট ছাড়া বিদেশে গিয়ে পরীক্ষায় অংশ নেওয়া তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই প্রবেশপত্রের ছবিতে আবুধাবির একটি ভারতীয় স্কুলকে কেন্দ্র হিসেবে দেখা যায়। আব্দুল্লাহর বাবা ডাক্তার মোহাম্মদ তালিব জানান যে প্রবেশপত্র দেখে তার ছেলে কান্নায় ভেঙে পড়ে কারণ সে পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে শঙ্কিত হয়ে পড়েছিল।
আবেদন করার সময় আব্দুল্লাহ নাগপুর, ওয়ার্ধা ও ভান্ডারা শহরকে পছন্দের তালিকায় রেখেছিল। এই ঘটনাটি এনটিএ কর্তৃপক্ষের নজরে আসার পর তারা এটিকে কারিগরি ত্রুটি হিসেবে স্বীকার করে নিয়েছে।
সংস্থাটি জানিয়েছে যে অভিযোগটি দ্রুত যাচাই করে ওই শিক্ষার্থীকে নাগপুরে নতুন কেন্দ্র বরাদ্দ দেওয়া হবে এবং সংশোধিত প্রবেশপত্র ইস্যু করা হবে। উল্লেখ্য যে ভারতে পুনঃনিট (ইউজি) পরীক্ষা আগামী ২১ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লিখিত এই পরীক্ষাটি স্থানীয় সময় দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা ১৫ মিনিট পর্যন্ত চলবে।
এস এম/ ২০ জুন ২০২৬






