বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) হাজিরা নিশ্চিত করতে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার বৃদ্ধির জোরালো দাবি তুলেছেন ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের রিসার্চ কর্মকর্তা ড. মো. রোকনুজ্জামান। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক তথ্য মতে তিনি নিজেই বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থার বাইরে রয়েছেন এবং ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেন না। এ নিয়ে ক্যাম্পাসজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

গত বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের একটি গ্রুপে পাঠানো বার্তায় ড. রোকনুজ্জামান ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারে সমতা নিশ্চিত করার দাবি জানান এবং কর্মকর্তাদের অধিকারসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য একটি সভার আহ্বান করেন।

বার্তায় তিনি উল্লেখ করেন, “ফিঙ্গার, কেউ দিবে কেউ দিবে না, তা হবে না। দিলে এ টু জেড সকলেই দিবে, নয়তো কেউ নয়। পদোন্নতি সকলের অধিকার, নিয়মিত পদোন্নতি বোর্ড করতে হবে। রেজিস্ট্রার/সমমান পদে ইউজিসির নির্দেশনা মোতাবেক অফিসারদের মধ্য থেকে ফুলটাইম দায়িত্ব দিতে হবে।”

ওই বার্তায় বৃহস্পতিবার বিকেল ৩টায় সভায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। তবে পরবর্তীতে নির্ধারিত সময় পরিবর্তন করে বিকেল ৪টায় সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রশাসনিক সূত্র নিশ্চিত করেন, ক্যাম্পাসে কর্মকর্তা-কর্মচারীদের জন্য বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু থাকলেও ড. রোকনুজ্জামান শুরু থেকেই এতে নিবন্ধন করেননি। ফলে তিনি অফিসে এলেও তার কোনো বায়োমেট্রিক হাজিরা দেন না।
এদিকে, অফিসে উপস্থিত না থেকেও সরকারি সুবিধা গ্রহণের অভিযোগে চলমান একটি অনুসন্ধানের অংশ হিসেবে গত ৯ জুন দুর্নীতি দমন কমিশন (দুদক) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েকজন কর্মকর্তার ২০২৪ ও ২০২৫ সালের বায়োমেট্রিক হাজিরার তথ্য চেয়ে চিঠি পাঠায়। চিঠিতে ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের কর্মকর্তা ড. মো. রোকনুজ্জামান, প্রসন্নজিৎ সরকার, আবু সায়েম মো. আহসান হাবীব, রুমানা ফেরদৌসী জলীল, আবু সাঈদ মো. আহসান সিদ্দিকী এবং মেহজাবীন ইলাহীর হাজিরা সংক্রান্ত তথ্য চাওয়া হয়।
প্রশাসনিক সূত্রের দাবি, ড. রোকনুজ্জামানের বায়োমেট্রিক রেকর্ড না থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তার কোনো হাজিরা তথ্য দুদকে সরবরাহ করতে পারেনি। এ বিষয়টি নিয়ে তিনি অসন্তুষ্ট হয়ে প্রশাসনের দায়িত্বে থাকা শিক্ষকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের বিষয়টি নতুন করে সামনে এনেছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে ড. রোকনুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ফেরদৌস রহমান বলেন, “কর্মকর্তা রোকনুজ্জামান বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করেননি। তিনি অফিসে আসলেও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হাজিরা দেন না। দুদক অভিযোগের ভিত্তিতে আমাদের কাছে তথ্য চেয়েছে। যাদের তথ্য আমাদের কাছে ছিল, আমরা সেগুলোই পাঠিয়েছি।



