নিখোঁজের ২৫ দিন পর খোঁজ মিলল উৎসব মুখোপাধ্যায়-এর

নিখোঁজের ২৫ দিন পর খোঁজ মিলল উৎসব মুখোপাধ্যায়-এর

প্রায় পঁচিশ দিন নিখোঁজ থাকার পর অবশেষে সন্ধান পাওয়া গেছে পশ্চিমবঙ্গের পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের। ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, তিনি বর্তমানে কলকাতার বাইরে এক বন্ধুর বাসায় অবস্থান করছেন। রবিবার সকালে হঠাৎ করেই সেখানে পৌঁছান তিনি। তবে এতদিন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি।

নিখোঁজের ২৫ দিন পর খোঁজ মিলল উৎসব মুখোপাধ্যায়-এর

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, খুব শিগগিরই স্বামীর সঙ্গে দেখা করতে তিনি সেখানে যাবেন এবং পুরো ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করবেন।

মৌপিয়া আরও বলেন, উৎসবের ফিরে আসা তাঁদের জন্য অত্যন্ত স্বস্তির। তিনি না ফেরা পর্যন্ত পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ ছিল। ইতোমধ্যে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। নিখোঁজ সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট থানাসহ নিখোঁজ ব্যক্তি অনুসন্ধান শাখায়ও দেওয়া হয়েছে।

পরিচালক অনীক দত্ত জানান, এতদিন উৎসবের খোঁজ না পাওয়ায় তিনি দুশ্চিন্তায় ছিলেন। তার সন্ধান মেলায় স্বস্তি প্রকাশ করলেও এতদিনের অনুপস্থিতির কারণ অনুসন্ধানের আহ্বান জানান তিনি।

গত ২ এপ্রিল দুপুর থেকে নিখোঁজ ছিলেন উৎসব মুখোপাধ্যায়। সেদিন তিনি নিমতার একটি ব্যাংকে গিয়েছিলেন বলে জানা যায়। পরিবারের সঙ্গে তাঁর সর্বশেষ যোগাযোগ হয়েছিল দুপুর ২টা ২২ মিনিটে। এরপর থেকেই তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছিল।

Scroll to Top