নিউজিল্যান্ডের ২৪৭ রানের জবাবে সাইফের অর্ধশতক, জয়ের লক্ষ্যে লড়ছে বাংলাদেশ – DesheBideshe

নিউজিল্যান্ডের ২৪৭ রানের জবাবে সাইফের অর্ধশতক, জয়ের লক্ষ্যে লড়ছে বাংলাদেশ – DesheBideshe


নিউজিল্যান্ডের ২৪৭ রানের জবাবে সাইফের অর্ধশতক, জয়ের লক্ষ্যে লড়ছে বাংলাদেশ – DesheBideshe

ঢাকা, ১৭ এপ্রিল – নিউজিল্যান্ডের দেওয়া ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়লেও সাইফ হাসান ও লিটন দাসের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের ইনিংস ৮ উইকেটে ২৪৭ রানে আটকে দেওয়ার পর ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। দলীয় ২১ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে টেনে তোলেন সাইফ ও লিটন। তাদের ৯৩ রানের জুটিতে লড়াইয়ে ফেরে টাইগাররা। দলীয় ১১৪ রানের মাথায় ব্যক্তিগত ৫৭ রান করে বিদায় নেন সাইফ হাসান। উইল ও’ররকির বলে পুল করতে গিয়ে মিডউইকেটে ক্যাচ দেন তিনি। আউট হওয়ার আগে ৭৬ বলে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে নিজের ইনিংসটি সাজান এই ওপেনার।

প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১৫ রান। উইকেটে ৩৮ রানে অপরাজিত আছেন লিটন দাস এবং ১ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন তাওহিদ হৃদয়।

এর আগে ইনিংসের চতুর্থ ওভারে নাথান স্মিথের জোড়া আঘাতে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। ২ রান করা তামিম বোল্ড হয়ে ফেরার পরের বলেই প্যাভিলিয়নের পথ ধরেন শান্ত। তবে শুরুর সেই ধাক্কা সামলে সাইফ ও লিটন জয়ের পথ তৈরি করছেন।

ম্যাচের প্রথম ইনিংসে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন হেনরি নিকোলস। এছাড়া ডিন ফক্সক্রফট ৫৯ এবং উইল ইয়াং ৩০ রান করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে দুর্দান্ত বোলিং করেছেন শরিফুল ইসলাম। তিনি মাত্র ২৭ রান খরচায় ২ উইকেট শিকার করেন। এছাড়া রিশাদ হোসেন ও তাসকিন আহমেদও দুটি করে উইকেট নেন। নাহিদ রানা ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ঝুলিতে পোরেন একটি করে উইকেট। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৪৭ রান।

এনএন/ ১৭ এপ্রিল ২০২৬



Scroll to Top