
মুম্বাই, ১৭ এপ্রিল – বলিউড জয় করে বর্তমানে হলিউডে নিজের অবস্থান সুসংহত করা বিশ্বখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার ক্যারিয়ারের সূচনালগ্নের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে তাকে অসংখ্যবার প্রত্যাখ্যান এবং নানামুখী বাধার সম্মুখীন হতে হয়েছিল। বলিউডের অভ্যন্তরীণ রাজনীতির শিকার হয়ে তিনি একসময় মানসিকভাবে ভেঙেও পড়েছিলেন বলে জানান এই অভিনেত্রী। প্রিয়াঙ্কা তার বক্তব্যে স্বজনপোষণ এবং ইন্ডাস্ট্রির ক্ষমতার রাজনীতির অন্ধকার দিকটি তুলে ধরেন।
তিনি দাবি করেন, একটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর শুটিং চলাকালেই তাকে সেই প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়। এর কারণ হিসেবে তিনি জানান যে, তার সহ অভিনেতার আপত্তির কারণেই নির্মাতারা তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এমন ঘটনা একাধিকবার ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পরেও পরে তাকে জানানো হয়েছে যে তার আর প্রয়োজন নেই।
স্বজনপোষণ সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, শুরুতে তিনি বিষয়টি অনুধাবন করতে পারেননি। তিনি ভেবেছিলেন সবাই হয়তো নিজের সন্তানের ভালো চায়, কিন্তু পরবর্তীতে ইন্ডাস্ট্রির বাস্তব এবং জটিল রাজনীতি তিনি বুঝতে পারেন। এই ক্রমাগত প্রত্যাখ্যানের ফলে একসময় তিনি নিজের পেশা পরিবর্তনের কথাও চিন্তা করেছিলেন। তবে অভিনয়ের প্রতি প্রবল অনুরাগ ও কঠোর পরিশ্রমের ফলে তিনি শেষ পর্যন্ত টিকে থাকতে সক্ষম হন এবং নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করেন।
এস এম/ ১৭ এপ্রিল ২০২৬






