বিশ্বকাপের ৫৫ দিন আগে কোচ বরখাস্ত করল সৌদি আরব | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপের ৫৫ দিন আগে কোচ বরখাস্ত করল সৌদি আরব | চ্যানেল আই অনলাইন

আর ৫৫ দিন পর যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে বসতে চলেছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত দেশগুলো, সেসময় অন্যরকম খবরে শিরোনামে সৌদি আরব। যে কোচের অধীনে বাছাই পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে, সেই হার্ভে রেনার্ডকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

বিশ্বকাপের দুমাসেরও কম সময় আগে ফরাসি কোচ রেনার্ডকে সরিয়ে দেয়া হল। ৫৭ বর্ষী কোচ ২০২৩ সালে দায়িত্ব শেষ করে, ২০২৬ সালে দ্বিতীয়বার সৌদি কোচের দায়িত্বে ফিরছিলেন। প্রথম দফায় চার বছর আগে কাতার বিশ্বকাপে দলটির কোচ ছিলেন।

শুক্রবার রেনার্ড বলেছেন, ‘এটাই ফুটবল। সৌদি আরব ৭ বার বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে, দুবার আমার অধীনে। এমন একজনই কোচ আছেন যিনি তাদের বাছাইপর্ব ও বিশ্বকাপ উভয় পর্বেই নেতৃত্ব দিয়েছেন, সেটা আমি। অন্তত এই গর্বের অনুভূতিটা থাকবে।’

জাম্বিয়া এবং আইভরি কোস্টের হয়ে দুবার আফ্রিকা কাপ অব নেশনস জয়ী রেনার্ড ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত সৌদি আরবের দায়িত্বে ছিলেন। তার জাগায় পরে আসেন ইতালীয় কোচ রবের্তো মানচিনি। রেনার্ড ২০২৩ থেকে ২০২৪ পর্যন্ত ফ্রান্সের মেয়েদের দলের কোচ হন। ফ্রান্সকে নিয়ে ২০২৩ মেয়েদের বিশ্বকাপ ও ২০২৪ প্যারিস অলিম্পিক, উভয় টুর্নামেন্টেই কোয়ার্টার ফাইনালে পৌঁছান।

পরে রেনার্ডকে সৌদি আরব ফিরিয়ে আনে মানচিনির জায়গায়। কারণ ইতালীয় কোচ ১৪ মাসের হতাশাজনক মেয়াদের পর সরে দাঁড়ান। রেনার্ডের অধীনে ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়েছিল সৌদি।

কোচ বরখাস্তের কারণ দেশটির ফুটবল ফেডারেশন এখনও না জানালেও, ধারণা করা হচ্ছে সম্প্রতি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সৌদির খারাপ পারফম্যান্সের জন্যই সিদ্ধান্ত। যেখানে মিশরের বিপক্ষে ৪-০ ও সার্বিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছিল দেশটি।

রেনার্ডের স্থানে সৌদির কোচ হিসেবে গ্রিসের সাবেক খেলোয়াড় জর্জিওস দনিসকে দেখা যেতে পারে। দনিস বর্তমানে সৌদি ক্লাব আল-খালিজের কোচ। খবর, দেশটির ফুটবল ফেডারেশন এবং সৌদি ক্লাব আল-খালিজের মধ্যে আলোচনা চলছে।

২০২৬ বিশ্বকাপে সৌদি ‘এইচ’ গ্রুপে, সাথে আছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে, আর প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে। তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ যুক্তরাষ্ট্রে। ১৬ জুন বাংলাদেশ সময় ভোর ৪টায় উরুগুয়ের বিপক্ষে যাত্রা শুরু করবে মধ্যপ্রাচ্যের দেশটি।

Scroll to Top