নতুন স্বপ্ন নিয়ে ফিরছেন ‘প্রিয়তমা’র সফল জুটি আদনান-হিমেল | চ্যানেল আই অনলাইন

নতুন স্বপ্ন নিয়ে ফিরছেন ‘প্রিয়তমা’র সফল জুটি আদনান-হিমেল | চ্যানেল আই অনলাইন

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ দুই ছবি প্রযোজনা করেছিলেন আরশাদ আদনান, পরিচালনায় করেছিলেন হিমেল আশরাফ। দুটি ছবিতে ছিলেন মেগাস্টার শাকিব খান। এই ছবি দুটি ২০২৩ ও ২০২৪ পরপর মুক্তি পেয়েছিল। আবারও আরশাদ আদনান-হিমেল আশরাফ ফিরছেন।

মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুকে এক স্ট্যাটাস এই ফেরার ঘোষণা দিলেন প্রযোজক আরশাদ আদনান। নির্মাতা হিমেল আশরাফকে নিয়ে এক ছবি পোস্ট করে তিনি লেখেন, আগেই বলেছি, বাংলা ভাষাভাষী সিনেমাপ্রেমীদের জন্য বড় এবং চমকপ্রদ কিছু করার স্বপ্ন দেখছি।

‘সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে সেই যাত্রার প্রস্তুতি। ইনশাআল্লাহ, খুব শিগগিরই আমরা ফিরছি নতুন এক গল্প নিয়ে। যেখানে থাকবে পারিবারিক সম্পর্ক, প্রেম এবং আমাদের মাটি ও মানুষের জীবনের সঙ্গে মিশে থাকা একেবারেই দেশীয় গল্প।’

প্রযোজক-পরিচালক জুটির এই পোস্টের পর কৌতূহল বেড়েছে সিনেমাপ্রেমিদের মাঝে। ‘প্রিয়তমা’র প্রযোজক-পরিচালকের এই সিনেমা নায়ক হিসেবে কে থাকছেন? এমন প্রশ্ন রাখছেন অনেকেই। অনেকেই বলছেন, এই জুটি কামব্যাক করছেন তাদের ট্রাম্পকার্ড শাকিব খানকে নিয়ে!

আসলেই তাই? বিষয়টি জানতেই যোগাযোগ করা হয় প্রযোজক-পরিচালকের সঙ্গে। তারা জানান, আমরা আপাতত গল্পের দিকে মনোযোগ দিচ্ছেন। নায়ক কে হচ্ছে সেটা পরবর্তী আকর্ষণ। চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে জানাবেন তারা।

একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে, সিনেমাটি ২০২৭ সালের যে কোনো এক ঈদে মুক্তি পাবে এই সিনেমা। সিনেমাটিতে অভিনয়শিল্পী কারা থাকছেন তার কিছুই এখনও চূড়ান্ত হয়নি।

এর আগে শাকিব-আদনান-হিমেল এই ত্রয়ীর প্রথম উদ্যোগ ছিল ‘প্রিয়তমা’। মুক্তির পর সিনেমাটি তুমুলভাবে ব্যবসায়িকভাবে সাফল্য হয়েছিল। করোনা পরবর্তী প্রথম ‘প্রিয়তমা’র সাফল্যে ঘুরে দাঁড়িয়েছিল বাংলা সিনেমা।

দেশের পাশাপাশি সিনেমাটি যুক্তরাষ্ট্র, কানাডা, লন্ডন, মালয়েশিয়াতেও ব্যবসায়িকভাবে সাফল্য অর্জন করেছিল। সেই সাফল্যের পর যুক্তরাষ্ট্রে শুটিং হয়েছিল রাজকুমার সিনেমার। সিনেমাটিতে শাকিবের অনবদ্য অভিনয় মুগ্ধ করেছিল বাংলা সিনেমা প্রেমীদের।

এখন দেখার অপেক্ষা, আরশাদ আদনান ও হিমেলের এই সফল জুটি নতুন স্বপ্ন নিয়ে কি চমক দিয়ে আবারও দর্শকদের সামনে হাজির হন।

Scroll to Top