রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীর ওপর নেতাকর্মীদের হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৪ জুন) রাতে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের সই করা এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে মঙ্গলবার (২৩ জুন) ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। মিছিল শেষে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে সংঘটিত ঘটনায় তদন্ত কমিটির সুপারিশে বুধবার ৪ জনকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ তাৎক্ষণিক আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান। সেই সঙ্গে কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতিও প্রদান করা হয়।
এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠন তাৎক্ষণিক ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনের আলোকেই বুধবার এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



