মালেয়শিয়া জাতীয় দলের বিপক্ষে দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। ব্যাটে দেড়শতাধিক রানের পর বোলিংয়ে সফরকারীদের গুড়িয়ে দিয়েছে শতরানের আগে। ৮৯ রানে জিতে সিরিজ শুরু এসএম মেহেরব হোসেনদের।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টসে জিতে বাংলাদেশ এইচপিকে আগে ব্যাটে আমন্ত্রণ জানায় মালয়েশিয়া। নির্ধারিত ২০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১৫৮ রানে থামে স্বাগতিকরা। জবাবে নেমে ১৬ ওভারে ৬৯ রানে থামে সফরকারীদের ইনিংস।
টাইগার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন মেহেরব। ৩ চার ও ২ ছক্কায় ২২ বলে ৪০ রান করেন। ১ চার ও ৩ ছক্কায় ২৬ বলে ৩২ রান করেন আব্দুল গাফফার সাকলাইন। ৩ চার ও ১ ছক্কায় জাওয়াদ আবরার করেন ১৮ বলে ২৮ রান।
সফরকারী বোলারদের মধ্যে বিজয় উন্নি ৩ উইকেট নেন। শারভিন মুনিয়ান্দি ও সাঈদ জুনায়েদ খান নেন দুটি করে উইকেট।
জবাবে নেমে বাংলাদেশ বোলারদের সামনে পাত্তাই পায়নি মালয়েশিয়া। ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৯ রান করেন আহমেদ আকিল ওয়াহিদ। বাকিদের মধ্যে মুহাম্মদ আমির ১৫ এবং বিজয় ১৪ রান করেন।
এইচপি বোলারদের মধ্যে রুবেল হোসেন ও সাকলাইন দুটি করে উইকেট নেন।




