দুই উপজেলায় ৩ দিন ধরে বিদ্যুৎ-মোবাইল নেটওয়ার্ক বন্ধ

দুই উপজেলায় ৩ দিন ধরে বিদ্যুৎ-মোবাইল নেটওয়ার্ক বন্ধ

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় টানা প্রায় তিন দিন বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৫ এপ্রিল) থেকে সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টা পর্যন্ত এই দুই উপজেলা কার্যত বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন রয়েছে। রবিবার (২৬ এপ্রিল) রাতে ৪৫ মিনিটের জন্য বিদ্যুৎ এলেও এরপর আবার ধস নামে সরবরাহ ব্যবস্থায়।

দুই উপজেলায় ৩ দিন ধরে বিদ্যুৎ-মোবাইল নেটওয়ার্ক বন্ধ

এদিকে, রৌমারীতে একটি-দুটি সিম কম্পানির মোবাইল নেটওয়ার্ক পাওয়া গেলেও বেশিরভাগ কম্পানির নেটওয়ার্ক একদমই নেই বললেই চলে।

স্থানীয় বাসিন্দা আবু হানিফ জানান, গত কয়েকদিন ধরে দিনে-রাতে মিলিয়ে মাত্র এক ঘণ্টার মতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, তাও আবার মাঝেমধ্যে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে কার্যত বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। কম বিদ্যুৎ ব্যবহার করলেও মাস শেষে অতিরিক্ত বিল গুনতে হয়।

আরিফ হাসান জানান, বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্কও বন্ধ হয়ে গেছে। অনলাইনে ঢুকতে পারি না পাশাপাশি গত ১৫ দিন ধরে জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় যানবাহন চলাচলও সীমিত হয়ে পড়েছে। ব্যাটারিচালিত ইজিবাইকগুলো চার্জ দিতে না পারায় রাস্তায় গাড়ি নেই বললেই চলে। ফলে অল্প কিছু যানবাহন চললেও কয়েকগুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে।

ব্যাটারিচালিত অটোভ্যান চালক রবিউল বলেন, ‘কারেন্ট না থাকায় ব্যাটারি চার্জ দিতে পারছি না। গাড়ি নিয়ে বের হতে পারছি না। দিন এনে দিন খাই—এখন সংসার চালানোই কঠিন হয়ে গেছে। আগে ১০০০ টাকা কামাই হতো এখন ১৫০-২০০ টাকা কামাই করতে পারি না।’

এদিকে এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা পড়েছেন চরম বিপাকে।

বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করতে হচ্ছে। পরীক্ষাকেন্দ্রে যাতায়াতেও দেখা দিয়েছে সংকট। অল্প কিছু যানবাহন পাওয়া গেলেও ভাড়া গুনতে হচ্ছে দুই থেকে তিনগুণ বেশি। আজ এসএসসি পরীক্ষার্থীরা পরিক্ষা কেন্দ্র থেকে হেঁটে বাড়ি ফিরেছে।
রৌমারীর চরশৌলমারী বাজারের ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, টানা ৭২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ইন্টারনেট ও ওয়াইফাই সেবা বন্ধ রয়েছে। ফলে ব্যাংকিং লেনদেন বন্ধ হয়ে গ্রাহকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয়রা বলেন, কয়েকদিন ধরে তীব্র লোডশেডিং চলছিল। শনিবার থেকে টানা বিদ্যুৎ বন্ধ থাকায় ইন্টারনেট ও নেটওয়ার্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে সংবাদ সংগ্রহ ও পাঠাতে বাধার মুখে পড়তে হচ্ছে। এছাড়া দুই সপ্তাহের বেশি সময় ধরে তেল পাম্প বন্ধ থাকায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাফিউর রহমান বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ ও লোডশেডিং সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান খান জানান, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং দ্রুত সমাধানের আশা করা হচ্ছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতির রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি।

Scroll to Top