নায়করাজ রাজ্জাককে হারানোর নয় বছর পূর্ণ হলো শুক্রবার (২১ আগস্ট)। প্রয়াণ দিবসে কিংবদন্তি এই অভিনেতাকে গভীর আবেগে স্মরণ করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।
রাজ্জাককে শুধু চলচ্চিত্রের কিংবদন্তি নয়, নিজের অভিভাবক ও অনুপ্রেরণার অন্যতম আশ্রয় হিসেবে উল্লেখ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শাকিব খান লিখেছেন, ‘নায়করাজ রাজ্জাক আঙ্কেলকে হারানোর নয় বছর আজ। তাঁকে হারানোর শূন্যতা আজও সমানভাবে অনুভব করি।’
রাজ্জাকের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের স্মৃতি তুলে ধরে শাকিব বলেন, তিনি ছিলেন তাঁর ‘মাথার ওপর ছায়ার মতো’। স্নেহ, ভালোবাসা ও পরামর্শ দিয়ে সবসময় আগলে রাখতেন এই কিংবদন্তি। এমনকি দীর্ঘদিন দেখা না হলেও শাকিব কেমন আছেন কিংবা কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তা নায়করাজ কীভাবে যেন বুঝে যেতেন বলেও স্মৃতিচারণ করেন তিনি।
নায়করাজকে হারানোর বেদনাকে নিজের অভিভাবক হারানোর সঙ্গে তুলনা করেছেন শাকিব। তাঁর ভাষায়, এই শূন্যতা শুধু চলচ্চিত্রের নয়, একান্তই ব্যক্তিগত।
তবে রাজ্জাকের শারীরিক অনুপস্থিতির মধ্যেও তাঁর স্নেহ, শিক্ষা ও আশীর্বাদ নিজের পথচলার অনুপ্রেরণা হয়ে আছে বলে জানিয়েছেন শাকিব। তিনি লিখেছেন, বাংলাদেশের চলচ্চিত্র যতদিন থাকবে, নায়করাজ ততদিনই মানুষের হৃদয়ে ও দেশের চলচ্চিত্রের অহংকার হয়ে থাকবেন।
শেষে শ্রদ্ধা ও ভালোবাসায় প্রিয় ‘নায়করাজ’-কে স্মরণ করে শাকিব লেখেন, ‘শান্তিতে থাকুন, আমাদের প্রিয় নায়করাজ।’
১৯৬৬ সালে ‘বেহুলা’ দিয়ে চলচ্চিত্রে শক্ত অবস্থান তৈরি করা রাজ্জাক প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে পাঁচ শতাধিক বাংলা ও উর্দু ছবিতে অভিনয় করেছেন। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই কিংবদন্তি ২০১৭ সালের ২১ আগস্ট ৭৫ বছর বয়সে মারা যান।


